ফিফা সভাপতি ইনফান্তিনো ‘অসাধারণ’, তাকে সরিয়ে দেওয়া ’ভয়ানক ভুল’ হবে: ট্রাম্প
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে তার পদ থেকে সরিয়ে দেওয়া সংস্থাটির জন্য 'ভয়ানক ভুল' হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফুটবল বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত উদ্যোগ ব্যর্থ হওয়ার পর থেকে তীব্র চাপের মুখে রয়েছেন ইনফান্তিনো।
এই পরিস্থিতিতে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছেন ট্রাম্প।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, 'ফিফা যদি কোনো কারণে জিয়ান্নি ইনফান্তিনোকে পরিবর্তনের কথা ভাবে, তাহলে তারা ভয়ানক ভুল করবে। তিনি অসাধারণ। তিনি ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ আয়োজন করেছেন। তিনি না থাকলে ফিফা আর কখনোই এতটা সফল বা লাভজনক হতে পারবে না।'
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন ও কনকাকাফ বিতর্কিত ফিফা সভাপতির বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা শুরু করেছে।
সংস্থাগুলো যৌথভাবে ইনফান্তিনোর বিরুদ্ধে 'প্রতারণার' অভিযোগ তুলে আগামী বছরের মার্চে পুনর্নির্বাচনে অংশ না নিয়ে তাকে সম্মানের সঙ্গে পদত্যাগের সুযোগ দিতে চায়। এমনকি এর আগে ফিফার টুর্নামেন্ট বয়কটের কথাও জানায় উয়েফা।
সমালোচনা শুরু হয় মূলত ইনফান্তিনোর 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' গঠনের প্রস্তাব নিয়ে, যার মাধ্যমে ফিফার টুর্নামেন্টগুলোর প্রায় ২০ শতাংশ স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করা হয়েছিল।
ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে ইনফান্তিনো শেষ পর্যন্ত এ প্রস্তাব প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।
তবে উয়েফা, এএফসি ও কনকাকাফের প্রধানদের সই করা এক খোলা চিঠিতে ইনফান্তিনোর এই বিতর্কিত প্রকল্পের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। যদিও চিঠিতে তার নাম সরাসরি উল্লেখ করা হয়নি।
চিঠিতে বলা হয়, 'ফুটবলের নেতৃত্ব কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি কেবল ক্ষমতা কুক্ষিগত করার বিষয় হতে পারে না। গোটা ফুটবল পরিবারকে বিশ্বস্ত সেবা দেওয়াই এর মূল কাজ।'
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বাসের অমর্যাদা করে কোনো ব্যক্তি যখন নিজের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন এবং নিজেকে সবার ঊর্ধ্বে মনে করতে শুরু করেন, তখন তিনি তার মূল দায়িত্ব থেকেই সরে যান।
