ট্রাম্পের ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানে নিষিদ্ধ সিএনএন
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিএনএনকে এয়ার ফোর্স ওয়ানে চড়ার অনুমতি দেয়নি। শনিবার ওয়াশিংটন থেকে টেনেসির উদ্দেশে প্রেসিডেন্টের যাত্রায় তার সঙ্গে ভ্রমণের অনুমোদন পায়নি সিএনএন। কলেজ আমেরিকান ফুটবল ম্যাচ দেখতে ওই সফরে যাচ্ছিলেন ট্রাম্প।
সিএনএনের ওই যাত্রায় 'পুল ডিউটি' পালনের কথা ছিল। বড় সংবাদমাধ্যমগুলোর মধ্যে পালাক্রমে এই দায়িত্ব দেওয়া হয় এবং এ ব্যবস্থায় তারা পরস্পরের সঙ্গে ফুটেজ বিনিময় করে।
হোয়াইট হাউস জানিয়েছে, এখন সিএনএনের পরিবর্তে 'রিয়েল আমেরিকা'স ভয়েস'কে দায়িত্ব দেওয়া হবে। এটি একটি ছোট রক্ষণশীল নেটওয়ার্ক, যা প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলোর আনুষ্ঠানিক পুলের অংশ নয়।
'ভুয়া খবর' ছড়ানোর অভিযোগে বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দেন, সিএনএন, এমএস নাও এবং অ্যাক্সেল স্প্রিঙ্গার গ্রুপের মালিকানাধীন পলিটিকো—যে গ্রুপের সঙ্গে দ্য টেলিগ্রাফও রয়েছে—এখন থেকে হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি পাবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, সংবাদমাধ্যমগুলো তার প্রশাসন সম্পর্কে 'কাল্পনিক গল্প বা মিথ্যা' লিখছে।
পরে হোয়াইট হাউসের আইনজীবীরা আদালতে যুক্তি দেন, জাতীয় নিরাপত্তার কারণেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ঘোষণার পর প্রেসিডেন্টের প্রকাশ্য কর্মসূচির টেলিভিশন কভারেজে সাময়িকভাবে ব্ল্যাকআউট তৈরি হয়। পুলের অন্য নেটওয়ার্ক—এবিসি, সিবিএস, ফক্স নিউজ ও এনবিসি—হোয়াইট হাউস বয়কট করে সিএনএনের প্রতি সংহতি জানায়।
বৃহস্পতিবার ওয়াশিংটনের একটি আদালত হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা বাতিল করে বলেন, সিদ্ধান্তটি সম্ভবত অসাংবিধানিক।
বিচারক হোয়াইট হাউসের এই যুক্তি নিয়েও প্রশ্ন তোলেন যে নিষিদ্ধ সংবাদমাধ্যমগুলো জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল।
রায়ে বিচারক লেখেন, 'বাদীদের হার্ড পাস বাতিল করলে বাস্তবে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত হবে—বিবাদীদের এই দাবির পক্ষে নথিতে যথেষ্ট বাস্তবভিত্তিক সমর্থন নেই।'
তবে আদালতের রায়টি হোয়াইট হাউসে প্রবেশাধিকার নিয়ে হলেও প্রেসিডেন্টের উড়োজাহাজে সিএনএন ভ্রমণ করতে পারবে কি না, সে বিষয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।
সিএনএনের আইনজীবী থিওডোর বুট্রস জুনিয়র বলেন, বাদীপক্ষ মনে করে আদালতের রায় পুলে অংশগ্রহণের অধিকারকেও অন্তর্ভুক্ত করে।
হোয়াইট হাউসের সঙ্গে প্রবেশাধিকার নিয়ে বিরোধের কারণে কয়েক দিন ধরে প্রেসিডেন্টের কর্মসূচির কোনো ফুটেজ সম্প্রচার করেনি সিএনএন।
শুক্রবার সিএনএন আবার ট্রাম্পের ফুটেজ প্রচার শুরু করে। সেদিনের ফুটেজে দেখা যায়, ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ন্যাশনাল আর্কাইভস পরিদর্শন করছেন। এ সময় ট্রাম্পের স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং শি জিনপিংয়ের স্ত্রী পেং লিয়ুয়ানও তাদের সঙ্গে ছিলেন।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সংবাদমাধ্যমের প্রতি তার মনোভাব ক্রমেই আরও আক্রমণাত্মক হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে তিনি প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নিয়েছেন।
হোয়াইট হাউসে ফিরে আসার পরপরই তিনি সংবাদ সংস্থা এপিকে ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে 'গালফ অব আমেরিকা' করার নির্বাহী আদেশ মেনে নিতে অস্বীকৃতি জানানোয় এপি এই নিষেধাজ্ঞার মুখে পড়ে।
