ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার
বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর নেইমার বলেছিলেন, 'আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানে আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।'
তার এই কথাগুলো জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত বলেই মনে করেছিলেন অনেকে। তবে নেইমার স্পষ্ট করে কিছু না বলায় অনেক ভক্ত-সমর্থকই হয়তো আশা করেছিলেন, ব্রাজিলের জার্সিতে আবারও মাঠে নামবেন নেইমার।
কিন্তু ভক্ত-সমর্থকদের সেই আশা আর পূরণ হলো না। ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার। আজ বুধবার বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেছেন এই ব্রাজিলিয়ান তারকা। আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে তার ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি হলো।
আজ ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলে জয়ের পর এই সিদ্ধান্তের কথা জানান ৩৪ বছর বয়সী এই তারকা।
ম্যাচ শেষে নেইমার বলেন, "জাতীয় দলে আমার সময় শেষ। আমি বিশ্বাস করি, সেখানে আমি ইতিহাস গড়েছি। অসংখ্য স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, ঘাম আর জীবন উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর এসব চাই না।''
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার। শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোলও করেন। ব্রাজিলের জার্সি গায়ে এটিই তার শেষ গোল। এই ম্যাচে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ব্রাজিলের হয়ে ১৩০টি ম্যাচ খেলেছেন নেইমার। গোল করেছেন ৮০টি। অ্যাসিস্ট ৫৯টি।
২০১০ সালে ব্রাজিলের হয়ে অভিষেক হয় নেইমারের। বর্তমানে তিনি সান্তোসের হয়ে খেলছেন। এ বছরই সান্তোষের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর ক্লাব ক্যারিয়ার কোথায় চালিয়ে যাবেন, সে বিষয়ে এখনও কোনো ঘোষণা দেননি তিনি।
