উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার
ইংলিশ ফুটবলের নবম স্তরে খেলা একজন গোলরক্ষক উগান্ডার একটি ঐতিহ্যবাহী রাজ্যের রাজা হওয়ার সুযোগ ফিরিয়ে দিয়েছেন। রাজকীয় উত্তরাধিকার কমিটি এ তথ্য জানিয়েছে।
৩৬ বছর বয়সি এই ফুটবলারের নাম জর্জ ডেসমন্ড কামুরাসি। দক্ষিণ-পূর্ব লন্ডনের ফুটবল ক্লাব এসই ডনস-এর অধিনায়ক তিনি। গত মাসে তার কাজিন, রাজা চতুর্থ ওয়ো নিম্বা কাবাম্বা ইগুরু রুকিদি-র মৃত্যুর পর, তোরো সম্প্রদায়ের পরবর্তী 'ওমুকামা', অর্থাৎ রাজা হিসেবে কমিটির প্রথম পছন্দ ছিলেন তিনিই।
কিন্তু অন্যান্য দায়িত্বের কারণে রাজা হিসেবে ভূমিকা পালন করা সম্ভব নয় জানিয়ে কামুরাসি সিংহাসনে বসতে অস্বীকৃতি জানিয়েছেন। ২১ সদস্য বিশিষ্ট রাজকীয় উত্তরাধিকার কমিটির সদস্য ফাদার ড. চার্লস ওয়ো এ তথ্য জানান।
এরপর কমিটি নতুন রাজা হিসেবে বেছে নেয় প্রিন্স এডওয়ার্ড রুকিদি কিজানানগোমাকে। তিনি উগান্ডার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম উগান্ডা ব্রডকাস্টিং কর্পোরেশন-এর একজন সংবাদ উপস্থাপক ও সম্পাদক।
বুধবার ফোর্ট পোর্টালে আনুষ্ঠানিকভাবে রুকিদিকে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। তবে প্রয়াত রাজা ওয়োর নিকটাত্মীয়রা এই নির্বাচন নিয়ে আপত্তি তুলেছেন।
এনটিভি উগান্ডাকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ো বলেন, 'প্রার্থীদের যাচাই-বাছাই করার পর আমরা তাদের ক্রমানুসারে সাজাই। আমাদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দের প্রার্থী ছিল।
'এরপর আমরা চূড়ান্ত বাছাই করি এবং একে একে তাদের সঙ্গে কথা বলি। প্রথমজন বলেছেন, "না, আমার অন্যান্য দায়িত্ব আছে, আমি রাজা হতে পারব না।"'
ওয়ো জানান, এরপর দ্বিতীয় প্রার্থী রাজা হওয়ার এই প্রস্তাব গ্রহণ করেন।
বেক্সলিহিথ-ভিত্তিক ক্লাবটিতে কামুরাসি 'বিগ জি' নামে পরিচিত। গত সপ্তাহে তাকে কমিটি তাকে প্রথম পছন্দের প্রার্থী হিসেবে বেছে নিয়েছিল।
উগান্ডার সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উপস্থিত ১৮ জন কমিটির সদস্যের মধ্যে ১৫ জনই তার পক্ষে ভোট দিয়েছিলেন।
রাজা হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি কামুরাসি। তবে উগান্ডার একাধিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল, লন্ডনের জীবন ছেড়ে রাজার মুকুট পরতে ইচ্ছুক নন এই গোলরক্ষক।
২০১৪ সালে ব্রিটিশ র্যাপার ডন স্ট্র্যাপজি এসই ডনস ক্লাব প্রতিষ্ঠা করেন। ইংলিশ ফুটবল পিরামিডে প্রবেশের আগে ইউটিউবের হাত ধরে তারা বিপুল জনপ্রিয়তা পায়। ক্লাবটির অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই গোলরক্ষক।
ক্লাবের সামাজিক মাধ্যমের কনটেন্টগুলোতে কামুরাসিকে নিয়মিত দেখা যায়। বিশেষ করে ম্যাচের আগে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দীপ্ত করতে তার আক্রমণাত্মক, আবেগঘন এবং ক্ষেত্রবিশেষে গালিগালাজপূর্ণ বক্তৃতার জন্য তিনি বেশ পরিচিত।
উগান্ডা একজন নির্বাচিত প্রেসিডেন্ট ও সংসদেড় মাধ্যমে পরিচালিত হয়। তবে কোনো রাজনৈতিক ক্ষমতা না থাকলেও, দেশটিতে কয়েকটি ঐতিহ্যবাহী রাজ্যের উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও সামাজিক প্রভাব রয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশটিতে উত্তরাধিকার নিয়ে একটি দ্বন্দ্ব চলছে।
উত্তরাধিকার কমিটির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন প্রয়াত রাজা ওয়োর মা ও বোন। তাদের দাবি, ২০২২ সালের একটি উইলে বলা আছে, যদি ওয়োর নিজের ছেলে আইনিভাবে স্বীকৃতি পায়, তবে সে-ই সিংহাসনের উত্তরাধিকারী হবে। রাজ্যের নেতৃত্ব সেই উইল, তোরো সম্প্রদায়ের প্রথা ও আইনি দিকগুলো খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য কামুরাসি ও এসই ডনস কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে।
