জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে দুই বছর সময় দরকার: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে জ্বালানি সংকটের চ্যালেঞ্জগুলো এখন স্পষ্ট। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবকাঠামো তৈরি করে এ থেকে বের হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন, সেই সময় দিতে হবে। তিনি জানান, জ্বালানি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন কূপ খনন করা হলে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা বাড়বে, তবে এর জন্য দুই বছর সময় দরকার।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটের একটি হলরুমে 'আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের' আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, 'বর্তমানে দৈনিক জ্বালানির চাহিদা সরবরাহের চেয়ে দ্বিগুণ। পাশাপাশি বছরের এই সময়ে অন্যান্য মৌসুমের তুলনায় চাহিদা বেশি থাকে, যার ফলে সংকটটি আরও দৃশ্যমান হয়েছে।'
তিনি আরও বলেন, অর্থনৈতিক অগ্রগতির জন্য বড় বিনিয়োগ প্রয়োজন। তাই জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা সরকারের আছে। তাই মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির চেষ্টা করছে সরকার।
কৃষি খাতের সম্ভাবনা নিয়ে মন্ত্রী বলেন, কৃষিক্ষেত্রে সাফল্যের জন্য সরকারের আগামী দিনের লক্ষ্য হলো কৃষিকাজ থেকে পুরোপুরি রিটার্ন তুলে আনা। কৃষির এই অপার সম্ভাবনাকে সরকার কাজে লাগাবে।
কৃষি উন্নয়ন প্রকল্পের কর্মশালা শেষে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বন বিভাগ আয়োজিত বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
