ক্যান্সার ছড়িয়ে পড়েছে জো বাইডেনের শরীরে, ব্যথায় কষ্ট পাচ্ছেন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে এবং তিনি চরম শারীরিক যন্ত্রণায় ভুগছেন। তবে এ পরিস্থিতির মধ্যেও তিনি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নিয়মিত কথা বলে যাচ্ছেন বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।
শুক্রবার (৮ আগস্ট) বিবিসি-তে প্রচারিত এক সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগপ্লুত হয়ে পড়েন হান্টার বাইডেন। নিজের চোখে বাবার এই অসুস্থতা দেখা অত্যন্ত বেদনাদায়ক বলেও বর্ণনা করেন তিনি।
হান্টার বলেন, 'ক্যান্সার ছড়িয়ে পড়েছে, মেটাস্ট্যাসিস হয়ে তার হাড় ও অন্যান্য অংশে পৌঁছে গেছে। এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং অনেক দিক থেকেই তাকে দুর্বল করে ফেলেছে।'
৮৩ বছর বয়সী বাইডেন ছিলেন মার্কিন ইতিহাসের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট। চার বছরের মেয়াদজুড়েই তার বয়স নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। বিশেষ করে, তার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বিতর্কিত বিতর্কে শোচনীয় পারফরম্যান্সের পর পুনর্নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য হন৷ । বাইডেনের শারীরিক অসুস্থতার কথা গোপন করার অভিযোগে তিনি ও তার হোয়াইট হাউসের উপদেষ্টারা তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।
হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময়ের মধ্যে, গত বছরের মে মাসে সাবেক এই প্রেসিডেন্ট নিজের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন।
হান্টার বাইডেন জানান, এই ব্যাধির কথা জানার পর থেকেই তার পরিবারটির জন্য সময়টা বেশ কঠিন ছিল।
হান্টার আরও বলেন, 'বিষয়টি দেখা সত্যিই খুব কষ্টকর। বর্তমানে আমার বাবার শারীরিক অবস্থা নিয়ে আমি কেবল একটি কথাই বলতে চাই—আমার ইচ্ছা হয় তিনি যদি নিজের কষ্ট নিয়ে আরও বেশি অভিযোগ করতেন, কারণ এমন নীরবে কষ্ট সহ্য করা কোনো ভালো লক্ষণ নয়।'
তবে হান্টার জানান, শারীরিক অসুস্থতা সত্ত্বেও তার বাবা থমকে যাননি; তিনি 'মাঠে সক্রিয় আছেন' এবং নিজের কাছে গুরুত্বপূর্ণ মনে হওয়া বিভিন্ন ইস্যুতে প্রকাশ্যে কথা বলে যাচ্ছেন।
উল্লেখ্য, মধ্যবর্তী নির্বাচনের পর জো বাইডেন তার স্মৃতিকথা 'প্রমিজ মি, আমেরিকা' প্রকাশ করবেন।
