২৮ জুন ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে: ডিএসসিসি
আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের আওতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ৫ লাখ ৯০ হাজার ৫৩৮ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) নগর ভবনে আয়োজিত কেন্দ্রীয় অ্যাডভোকেসি ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়।
ডিএসসিসি সূত্রে জানা যায়, লক্ষ্যমাত্রাভুক্ত শিশুদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ৩৫ হাজার ৬০৬ জনকে ১ লাখ আইইউ সমৃদ্ধ নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৪ হাজার ৯৩২ জনকে ২ লাখ আইইউ সমৃদ্ধ লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএসসিসি এলাকার ১,৭৬০টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে।
কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে ৩,৬৫৪ জন স্বেচ্ছাসেবক ও ১৫০ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
এসময় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমান বলেন, ভিটামিন 'এ' শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সরকারের সরবরাহ করা ভিটামিন 'এ' ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষিত এবং শিশুদের জন্য নিরাপদ।
এ বিষয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি।
