পূর্বঘোষণা ছাড়াই সিআইএ প্রধানের আকস্মিক মস্কো সফর, রহস্য
পূর্বঘোষণা ছাড়াই আলোচনায় অংশ নিতে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান জন র্যাটক্লিফ মস্কো সফর করেছেন।
বিবিসির মার্কিন সহযোগী সংবাদমাধ্যম সিবিএসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিনের শুরুর ভাগে রাশিয়ার রাজধানীতে পৌঁছান সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ। তবে এই সফরের উদ্দেশ্য কী কিংবা তিনি কার সঙ্গে বৈঠক করতে গেছেন, সে বিষয়ে ওয়াশিংটন বা মস্কো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এমন সরাসরি বৈঠক বিরল ঘটনা।
ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক বিমান লাটভিয়া হয়ে রাশিয়ায় যায় এবং পরে মঙ্গলবারই মস্কো ত্যাগ করে।
এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি নিউজ সিআইএ, হোয়াইট হাউস ও পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি সি-১৭ পরিবহন বিমান মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছে।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি গ্রিনিচ মান সময় ০৫:৫০ মিনিটে রিগা বিমানবন্দর থেকে ছেড়ে যায় এবং আনুমানিক ০৭:০৪ মিনিটে রাশিয়ার রাজধানীতে অবতরণ করে। এরপর গ্রিনিচ মান সময় ১৬:০০টার কিছু আগে উড়োজাহাজটি মস্কো ত্যাগ করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্যান্য ভিডিওতে মস্কোর ভেতর দিয়ে একটি কূটনৈতিক গাড়িবহর যেতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে।
সিআইএ পরিচালক হিসেবে এটিই রাশিয়ায় র্যাটক্লিফের প্রথম সফর বলে ধারণা করা হচ্ছে। যদিও মস্কোর গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তিনি আগে থেকেই যোগাযোগ রক্ষা করে চলছিলেন।
ইউক্রেনকে সহায়তার অভিযোগে এক বছরেরও বেশি সময় রাশিয়ায় কারাবন্দি থাকা রুশ-মার্কিন নাগরিক সেনিয়া কারেলিনার মুক্তির আলোচনায় র্যাটক্লিফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
২০২৪ সালে রাশিয়ার সঙ্গে হওয়া এক বন্দি বিনিময় চুক্তিতেও সিআইএ যুক্ত ছিল। ওই চুক্তির আওতায় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ, সাবেক মার্কিন মেরিন সদস্য পল হুইলান ও রুশ-মার্কিন সাংবাদিক আলসু কুরমাশেভা মুক্তি পান।
২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কে টানাপোড়েন চলছে। তখন থেকেই আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়া অনেকটাই বিচ্ছিন্ন ও নানামুখী আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে রাশিয়া সফর করা মার্কিন কর্মকর্তাদের মধ্যে র্যাটক্লিফই সম্ভবত সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা।
গত বছর আলাস্কায় এক শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। তবে সেই আলোচনা থেকে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আসেনি। পরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়াও স্থবির হয়ে পড়ে।
