দাবি না মানলে রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের
ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আবারও আলটিমেটাম দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। দাবি পূরণে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না এলে রোববার (৭ জুন) সকাল থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
আজ শনিবার (৬ জুন) দুপুর ১টার দিকে চমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তাতে বেশ কিছু 'বিতর্কিত' শর্ত যুক্ত করা হয়েছে। এর মধ্যে কিছু হাসপাতালে নির্দিষ্ট বিভাগে নতুন প্রশিক্ষণার্থী পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক চাকরি এবং সীমিত সংখ্যক প্রশিক্ষণার্থীর জন্য ভাতার ব্যবস্থা উল্লেখযোগ্য। এসব সিদ্ধান্তের প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে বলে জানান তারা।
আন্দোলনরত চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করে নতুন নীতিমালা প্রণয়ন, 'স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন' প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তার বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো চালু এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা।
এ ছাড়া 'বিএমডিসি আইন-২০২৫'-কে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর, ভুয়া চিকিৎসক পরিচয়দানকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং বিএমডিসি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবিও জানানো হয়েছে।
এদিকে পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর উপজেলায় প্রশিক্ষণ গ্রহণের বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে। পাশাপাশি এফসিপিএস প্রথম পর্বে উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীরা বিসিপিএস স্বীকৃত সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিলে ভাতা পাওয়ার সুযোগ পাবেন।
আজ সকালে ব্যানার হাতে হাসপাতালের প্রধান ফটকে অবস্থান নেন ইন্টার্ন চিকিৎসকেরা। তারা জানান, ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। রাতের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে রোববার সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু হবে।
এ সময় মানববন্ধনে চমেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন বলেন, 'ইন্টার্ন চিকিৎসকদের জন্য এখনো কোনো স্বতন্ত্র বেতন কাঠামো নেই। দীর্ঘ সময় দায়িত্ব পালন করলেও বর্তমান ভাতা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ইন্টার্নদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের ভাতা অন্তত ৫০ হাজার টাকা নির্ধারণ করে নিয়মিত পরিশোধ নিশ্চিত করতে হবে।'
