৬ দফা দাবিতে সারাদেশে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা
ছয় দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি শুরু করেছেন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর ইন্টার্ন চিকিৎসকেরা।
আজ রোববার (৭ জুন) সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের প্রায় ৩৫টি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা এ কর্মবিরতি পালন করেন।
কর্মবিরতির পাশাপাশি বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশও করেছেন তারা।
আগামীকাল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। কর্মবিরতি প্রত্যাহার করা হবে কি না, সে বিষয়ে বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক এবং দ্য ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. মোস্তফা আমীর ফয়সাল আজ রাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, দেশের প্রায় ৩০–৩৫টি মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন মেডিকেল থেকে এ কর্মসূচির তথ্য পাওয়া গেছে। তবে আন্দোলন দীর্ঘায়িত না করে দ্রুত সমাধানের দিকেই যেতে চান তারা, কারণ ইন্টার্নশিপ ও একাডেমিক কার্যক্রম শেষ করা জরুরি।
তিনি আরও জানান, আগামীকাল বিকেল ৩টায় মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাদের একটি বৈঠক রয়েছে। বিভিন্ন মেডিকেল কলেজ থেকে প্রতিনিধি দল ওই বৈঠকে অংশ নেবে। বৈঠক শেষে তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল পরিচালকের কাছে তাদের ছয় দফা দাবি পেশ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরাও আজ থেকে কর্মবিরতি শুরু করেছেন। রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন করে তারা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।
এর আগে গতকাল রাতে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মবিরতির ডাক দেয় ইন্টার্ন ডক্টরস সোসাইটি।
সংগঠনের সভাপতি ডা. মোস্তফা আমীর ফয়সাল এবং সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এফসিপিএস প্রশিক্ষণ নীতিমালার অযৌক্তিক প্রস্তাব, ভর্তি পরীক্ষার অতিরিক্ত ফি, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের অপ্রতুল ভাতা, কর্মস্থলে নিরাপত্তাহীনতা এবং বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর অনিশ্চয়তার প্রতিবাদে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বারবার আশ্বাস দেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনটি।
