চট্টগ্রাম মেডিকেলে রোগীর চাপ কমাতে নতুন ২ হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে: চসিক মেয়র
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওপর রোগীর অতিরিক্ত চাপ কমাতে কালুরঘাট এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি আধুনিক জেনারেল হাসপাতাল এবং বন্দর-পতেঙ্গা এলাকায় আরেকটি বড় হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ এগিয়ে চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
রোববার (৯ আগস্ট) সকালে চমেক হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা জানান।
মেয়র বলেন, 'এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামের স্বাস্থ্যসেবায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে।'
তিনি জানান, চমেক হাসপাতালকে শুধু চিকিৎসাসেবার কেন্দ্র নয়, বরং রোগীবান্ধব, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করতে ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, 'হাসপাতাল ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। তিন শিফটে পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত করা হয়েছে, মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে এবং পানি সংকট নিরসনে নতুন গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।'
হাসপাতালের আশপাশের এলাকা যানজট ও অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে জানিয়ে মেয়র বলেন, 'চকবাজার অলি খাঁ মসজিদ থেকে প্রবর্তক মোড় এবং ওয়ালি বেগ খাঁ মসজিদ থেকে মেডিকেল স্টাফ কোয়ার্টার পর্যন্ত এলাকাকে ধীরে ধীরে শৃঙ্খলার আওতায় আনা হচ্ছে।'
পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি সবুজায়ন ও নান্দনিক পরিবেশ তৈরির কাজও চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, চমেক হাসপাতালের পরিবেশ উন্নয়নে হাসপাতালের ঐতিহ্যবাহী বটতলার সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে এপিক হেলথ কেয়ার লিমিটেড।
