Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
মোজতবাকে নির্বাচন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য ‘হতাশার’, নতুন সর্বোচ্চ নেতাকে ‘অবিচল সমর্থন’ পুতিনের

আন্তর্জাতিক

আল জাজিরা, বিবিসি, রয়টার্স
09 March, 2026, 08:30 am
Last modified: 09 March, 2026, 11:03 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব ‘অবাস্তব’ ও ‘অযৌক্তিক’, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান
  • ইরানে ইতোমধ্যে ‘সরকার পরিবর্তন’ হয়ে গেছে: দাবি ট্রাম্পের
  • ইরান সংঘাত দীর্ঘ হলে ওষুধের কাঁচামালে বড় সংকটের আশঙ্কা
  • ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
  • যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন

মোজতবাকে নির্বাচন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য ‘হতাশার’, নতুন সর্বোচ্চ নেতাকে ‘অবিচল সমর্থন’ পুতিনের

রোববার দেশটির শীর্ষ আলেমরা ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে তার বাবার উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন। এর মাধ্যমে ৪৭ বছরের ইতিহাসে সবচেয়ে বড় সংকটের সময় ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন তার ওপর পড়ল।
আল জাজিরা, বিবিসি, রয়টার্স
09 March, 2026, 08:30 am
Last modified: 09 March, 2026, 11:03 pm
মোজতবা খামেনির ছবি নিয়ে ইরানে নাগরিকদের মিছিল। ছবি: মজিদ আসগরিপর / রয়টার্স

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আজ (৯ মার্চ) দশম দিন। হামলার প্রথম দিন গত ২৮ ফেব্রুয়ারিতেই নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ নেতা।

এর জবাবে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইরান। দেশটি ইরাক, কুয়েত, বাহরাইন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। ফলে সংঘাত ধীরে ধীরে পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে।

এরই মধ্যে রোববার মোজতবা খামেনিকে তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছে ইরান।


আমরা প্রচুর অর্থ আয় করতে যাচ্ছি: ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম

কয়েক দশক ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সোচ্চার মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম আবারও বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরানের বর্তমান শাসনের পতন ঘটানো আমেরিকার জন্য একটি 'চমৎকার বিনিয়োগ' হবে এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রচুর অর্থ উপার্জন করতে পারবে।

রোববার (৮ মার্চ) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই বর্ষীয়ান সিনেটর বলেন, 'যখন এই শাসনের [ইরান] পতন ঘটবে, তখন আমরা এক নতুন মধ্যপ্রাচ্য পাব এবং আমরা প্রচুর অর্থ উপার্জন করব।'

মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। ছবি: রয়টার্স

সিনেটর লিন্ডসে গ্রাহাম তার বক্তব্যে ইঙ্গিত দেন, ইরানের ওপর আক্রমণ এবং ভেনেজুয়েলার বামপন্থী নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার মার্কিন প্রচেষ্টার মূল উদ্দেশ্য হলো দেশ দুটির বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া।

তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন, 'ভেনেজুয়েলা এবং ইরানের কাছে বিশ্বের মোট তেল মজুদের ৩১ শতাংশ রয়েছে। এই ৩১ শতাংশ রিজার্ভের ওপর আমাদের অংশীদারিত্ব বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। এটি হবে চীনের জন্য একটি দুঃস্বপ্ন। তাই ইরানের শাসন পরিবর্তন করা আমাদের জন্য একটি ভালো বিনিয়োগ।'


ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন

ইরান এবং লেবাননের হিজবুল্লাহর পক্ষ থেকে চালানো ব্যাপক রকেট হামলায় কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে ইসরায়েল। দেশটির মধ্যাঞ্চল এবং হাইফাসহ উত্তরের শহরগুলোতে প্রায় বিরতিহীনভাবে হামলার সতর্ক সংকেত বা সাইরেন বেজে চলেছে।

ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত অঞ্চল হিসেবে পরিচিত মধ্যাঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, এই এলাকায় ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ৪৪ শতাংশ মানুষ বসবাস করে।


ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে "অবিচল সমর্থন" পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে "অবিচল সমর্থন" দেওয়ার ঘোষণা দিয়েছেন। তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়ার পর মোজতবা খামেনি ক্ষমতায় আসেন।

মোজতবা খামেনিকে দেওয়া এক বার্তায় পুতিন বলেন, 'আমি তেহরানের প্রতি আমাদের অবিচল সমর্থন এবং ইরানি বন্ধুদের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করতে চাই। রাশিয়া ইরানের একটি নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।'

তিনি আরও বলেন, 'এমন একটি সময়ে আপনি এই উচ্চপদে আসীন হয়েছেন, যখন ইরান সশস্ত্র আগ্রাসনের মোকাবিলা করছে। এই দায়িত্ব পালনে নিঃসন্দেহে অসীম সাহস ও আত্মোৎসর্গের প্রয়োজন হবে।'


মোজতবা খামেনির নির্বাচন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য 'হতাশার': লারিজানি

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা (সুপ্রিম লিডার) হিসেবে মোজতবা খামেনির নির্বাচন ইরানিদের মনে 'আশা' জাগিয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে 'হতাশ' করেছে বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে লারিজানি বলেন, মোজতবা খামেনির এই মনোনয়ন ইরানের শত্রুদের অশুভ পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।

তিনি সরাসরি মোজতবাকে সম্বোধন করে লেখেন, "বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) কর্তৃক ইসলামিক প্রজাতন্ত্রের নেতা হিসেবে আপনার নির্বাচন শত্রুভাবাপন্ন এবং যুদ্ধবাজ শত্রুদের চরম হতাশার মধ্যে নিমজ্জিত করেছে।"

আলী লারিজানি আরও উল্লেখ করেন যে, এই সিদ্ধান্তের ফলে ইরানের ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষ আশাবাদী হয়ে উঠেছে, যা দেশটির স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে।


কুয়েতের বিমান ঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলার দাবি আইআরজিসির

কুয়েতের আল-আদিরি হেলিকপ্টার বিমান ঘাঁটিতে ড্রোন এবং ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসি-র এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের নৌবাহিনী কুয়েতের ওই বিমান ঘাঁটিটিকে লক্ষ্য করে এই আক্রমণ পরিচালনা করে।

বিবৃতিতে ইরান দাবি করেছে, এই হামলার ফলে ঘাঁটিটির জ্বালানি ও গ্যাস ট্যাংক, সেখানে থাকা মার্কিন হেলিকপ্টার র‍্যাম্প এবং লজিস্টিক ও সাপোর্ট ফ্যাসিলিটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে গেছে।


মধ্য ইসরায়েলে হামলা, নিহত ১

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা 'ম্যাগেন ডেভিড অ্যাডোম' জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলীয় ইহুদ এলাকায় একটি হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং অন্তত দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ইরানকে ভাগ করে তেল নিতে চায় যুক্তরাষ্ট্র: বাঘাই

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন যে, ওয়াশিংটন ইরানের তেল সম্পদ নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এখন স্পষ্ট। তাদের মূল লক্ষ্য হলো আমাদের দেশকে বিভক্ত করা এবং আমাদের তেল সম্পদ অবৈধভাবে দখল করা।'

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি: রয়টার্স

বাঘাই আরও বলেন, 'তাদের উদ্দেশ্য হলো আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা, ইরানি জনগণকে পরাজিত করা এবং আমাদের মানবিক মূল্যবোধকে ক্ষুন্ন করা। তাদের এই অশুভ নকশা এখন দিনের আলোর মতো পরিষ্কার।'


দ্বিতীয় দফায় ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের সরিয়ে নেবে রাশিয়া

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক করপোরেশন রোসাটম জানিয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট–২ ও ইউনিট–৩ নির্মাণকাজে যুক্ত কর্মীদের কিছু সদস্য ও তাদের পরিবারের সদস্যদের দ্বিতীয় দফা রাশিয়ায় সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা টাসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সেই লিখাচেভ 'স্ত্রানা রোসাটম' পত্রিকাকে জানিয়েছেন, এই দলটিকে 'নিরাপদ স্থানে' স্থানান্তরের কাজ 'শিগগিরই' শুরু হবে।

তিনি বলেন, 'ইরানের বর্তমান পরিস্থিতিতে আমাদের অগ্রাধিকার হলো বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট–২ ও ইউনিট–৩ নির্মাণকাজে নিয়োজিত রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা। এ সংখ্যাটি ৬০০ জনেরও বেশি।'

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: রয়টার্স

তিনি আরও বলেন, 'স্পষ্ট কারণেই প্রকল্পস্থলে মূল নির্মাণকাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সময়ে কিছু কর্মী যন্ত্রপাতির সেবা ও রক্ষণাবেক্ষণ এবং এমন কিছু কাজ সম্পন্ন করার দায়িত্বে রয়েছেন, যেগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করা সম্ভব নয়।'

লিখাচেভ বলেন, 'আমরা কর্মীবাহিনী অপ্টিমাইজেশনের দ্বিতীয় ধাপের প্রস্তুতি সম্পন্ন করেছি—যার মধ্যে রয়েছে পরিবারের সদস্য ও কিছু কর্মীকে রাশিয়ায় সরিয়ে নেওয়া। অচিরেই তাদের নিরাপদ স্থানে স্থানান্তর করা হবে।'


নয় দিনে ইরানে নিহত ১২৫৫, আহত ১২ হাজারের বেশি

গত নয় দিনে ইরানে ১,২৫৫ জন নিহত এবং ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান।

আল জাজিরাকে তিনি জানান, নিহতদের বয়স আট মাস থেকে ৮৮ বছরের মধ্যে। নিহতদের মধ্যে প্রায় ২০০ জন নারী রয়েছেন।

তেহরানে একটি পুলিশ স্টেশনে মার্কিন-ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপের দৃশ্য। ছবি: মাজিদ আসগারিপুর/রয়টার্স

তিনি আরও বলেন, মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৬৮ শিশু নিহত হয়েছে।

এছাড়া হামলায় ৫৫ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন এবং ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন চিকিৎসক, দুজন নার্স এবং তিনজন জরুরি সেবা কর্মী রয়েছেন।


তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে: ট্রেডিং ডটকম'র সিইও

অস্ট্রেলিয়াভিত্তিক ট্রেডিং ডটকমের সিইও পিটার ম্যাকগুইর বলেছেন, তেলের দামের বৃদ্ধি যেভাবে দ্রুত এবং অস্থিরভাবে ঘটছে তা "খুবই নাটকীয়"।

আল জাজিরাকে তিনি বলেন, "এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দামের ঊর্ধ্বগতির গতি।" 

তিনি জানান, বৃহস্পতিবারও তেলের দাম ব্যারেলপ্রতি ৭৫ থেকে ৮০ ডলারের মধ্যে ছিল। এরপর তা দ্রুত বেড়ে ৯০ ডলার হয় এবং আজ এশিয়ার বাজারে ১১৬ ডলার পর্যন্ত ওঠে।

বর্তমানে দাম কিছুটা কমে প্রায় ১০৬ ডলারে নেমে এলেও স্বল্প সময়ের মধ্যেই দামে বড় ওঠানামা হচ্ছে। 

ম্যাকগুইর বলেন, এই অস্থিরতা ভোক্তাদের ওপর প্রভাব ফেলবে এবং কয়েক সপ্তাহ বা এক মাসের বেশি সময় ধরে এমন পরিস্থিতি চললে দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি বাড়তে পারে।

প্রতীকী ছবি: শাটারস্টক

তিনি বলেন, সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়তে পারে—এই দুই কারণে বাজারে এমন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এরই মধ্যে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন প্রায় বন্ধ হয়ে গেছে।

ম্যাকগুইর আরও বলেন, "উপসাগরীয় অঞ্চলের আরও দেশ যদি 'ফোর্স মেজর' ঘোষণা করে তেল ও গ্যাস উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে তেলের দাম আরও বাড়তে পারে এবং ব্যারেলপ্রতি ১৪০ থেকে ১৫০ ডলারে পৌঁছানোও সম্ভব।"

তিনি জানান, ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জি৭ দেশের অর্থমন্ত্রীরা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মাধ্যমে মজুত তেল বাজারে ছাড়ার বিষয়ে আলোচনা করছেন। এমন পদক্ষেপ বাজারকে কিছুটা স্থিতিশীল করতে পারে এবং এতে দামের অস্থিরতাও কমে আসতে পারে।


বাহরাইনের বাপকো এনার্জিসে 'ফোর্স মেজর' ঘোষণা

বাহরাইনের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান বাপকো এনার্জিস তাদের কার্যক্রমে 'ফোর্স মেজর' ঘোষণা করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ফোর্স মেজর এমন একটি ধারা, যেখানে নিয়ন্ত্রণের বাইরে কোনো ঘটনার কারণে সরবরাহের বাধ্যবাধকতা পূরণ না হলে সংশ্লিষ্ট পক্ষ দায়মুক্তি পায়।

দেশটির বাপকো তেল শোধনাগারের দিক থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাওয়ার পর এই ঘোষণা আসে।

ছবি: রয়টার্স

রয়টার্সের খবর অনুযায়ী এক প্রত্যক্ষদর্শী জানান, সরকারের পক্ষ থেকে সিত্রা এলাকায় ইরানের ড্রোন হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির কথা জানানোর পর পরই ওই স্থাপনার চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।

বাপকো বাহরাইনের প্রধান তেল শোধনাগার এবং দেশটির জ্বালানি খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা।


তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলারের ওপরে

ইরান যুদ্ধের প্রভাবে তেলের উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে।

সোমবার যুদ্ধ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে তেলের দাম একপর্যায়ে প্রায় ১২০ ডলার পর্যন্ত উঠে যায়। পরে কিছুটা কমলেও বাজারে এখনও অস্থিরতা বিরাজ করছে এবং বৈশ্বিক আর্থিক বাজারে চাপ তৈরি হয়েছে।

প্রতীকী ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম একপর্যায়ে ব্যারেলপ্রতি ১১৯ দশমিক ৫০ ডলারে পৌঁছায়। পরে তা কমে ১১২ দশমিক ৯৮ ডলারে লেনদেন হতে থাকে। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম সর্বোচ্চ ১১৯ দশমিক ৪৮ ডলার পর্যন্ত উঠলেও পরে কমে তা ১১০ দশমিক ১৭ ডলারে নেমে আসে।


যুদ্ধ থামাতে সৌদি আরবে চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ থামাতে মধ্যস্থতার অংশ হিসেবে সৌদি আরব সফর করেছেন চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন। 

তিনি বলেছেন, উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রিয়াদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং।

চীনকে সৌদি আরবের "ভালো বন্ধু ও অংশীদার" হিসেবে উল্লেখ করেছেন ঝাই জুন। তিনি ইতোমধ্যেই সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম আল-বুদাইউইর সঙ্গে বৈঠক করেছেন।

চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন। ছবি: চার্লি ত্রিবাল্লো

সোমবার প্রিন্স ফয়সালের সঙ্গে বৈঠকে ঝাই বর্তমান আঞ্চলিক উত্তেজনা নিয়ে "গভীর উদ্বেগ" প্রকাশ করেন। 

তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করা উচিত নয় এবং নিরীহ বেসামরিক মানুষ বা সামরিক নয় এমন লক্ষ্যবস্তুতে হামলা অত্যন্ত নিন্দনীয়।

এ সময় ঝাই আবারও সামরিক অভিযান "অবিলম্বে বন্ধ" করার আহ্বান জানান।


জরুরি মজুত থেকে তেল ছাড়ার পরিকল্পনা করছে জি-৭ দেশগুলো

বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে আনতে নিজেদের জরুরি মজুত থেকে তেল ছাড়ার বিষয়ে আজ আলোচনায় বসছেন জি-৭ ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সমন্বয়ে এই তেল ছাড়ার প্রক্রিয়াটি পরিচালিত হতে পারে। জি-৭ জোটের তিনটি দেশ, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রও রয়েছে, ইতিমধ্যে এই প্রস্তাবের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে।

৪ মার্চ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে ফুজাইরাহ তেলক্ষেত্রে আগুন লেগে যায়। ছবি: রয়টার্স

জি-৭ হলো বিশ্বের শীর্ষ উন্নত অর্থনীতির সাতটি দেশের একটি জোট। এই জোটের সদস্য দেশগুলো হলো—কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।


নতুন সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য প্রকাশে দেশজুড়ে জনসমাবেশের ডাক দিল ইরান

নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করতে সোমবার ইরানজুড়ে এক বিশাল জনসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশটির 'ইসলামিক প্রোপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিল' জনগণকে স্থানীয় সময় বিকেল ৩টায় সারা দেশে 'একযোগে সমবেত' হওয়ার আহ্বান জানিয়েছে। সেখানে সমবেত হয়ে তারা নতুন নেতার প্রতি তাদের 'বায়াত' বা আনুগত্যের শপথ ঘোষণা করবে।

ছবি: স্ক্রিনগ্র্যাব

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানী তেহরানের মূল সমাবেশটি অনুষ্ঠিত হবে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ইনকিলাব (বিপ্লব) চত্বরে। মূলত আয়তুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি স্থলাভিষিক্ত হওয়ার পর এই গণ-জমায়েতের ডাক দেওয়া হলো।


লেবাননের ঘরবাড়িতে সাদা ফসফরাস ছুড়েছে ইসরায়েল: হিউম্যান রাইটস ওয়াচ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় ইসরায়েল সাদা ফসফরাস ব্যবহার করেছে এমন প্রমাণ পাওয়া গেছে। এটি আন্তর্জাতিক মানবিক আইনের একটি লঙ্ঘন।

সংস্থাটি তাদের নতুন একটি প্রতিবেদনে জানিয়েছে, তারা সাতটি ছবির সত্যতা নিশ্চিত করেছে। ছবিগুলোতে দেখা গেছে, গত ৩ মার্চ দক্ষিণ লেবাননের ইয়োহমোর এলাকায় আবাসিক অঞ্চলের ওপর সাদা ফসফরাসযুক্ত গোলাবারুদ ছোঁড়া হয়েছে এবং এর ফলে সেখানকার অন্তত দুটি বাড়িতে আগুন ধরে গেছে।

বৈরুতে ইসরায়েলের হামলা। ছবি: রয়টার্স

হিউম্যান রাইটস ওয়াচ-এর লেবানন বিষয়ক গবেষক রামজি কাইস বলেন, 'আবাসিক এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বেআইনিভাবে সাদা ফসফরাস ব্যবহারের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং বেসামরিক নাগরিকদের জন্য এর পরিণতি হবে ভয়াবহ।'

তিনি আরও যোগ করেন, 'সাদা ফসফরাসের আগুন ছড়িয়ে দেওয়ার ক্ষমতা মৃত্যু ঘটাতে পারে অথবা এমন যন্ত্রণাদায়ক জখম করতে পারে যার ফলে মানুষকে সারাজীবন কষ্ট পেতে হয়।'


শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ধেয়ে আসা ড্রোন প্রতিহত করল সৌদি আরব

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির গুরুত্বপূর্ণ শায়বাহ তেলক্ষেত্র লক্ষ্য করে ধেয়ে আসা একটি ড্রোন শনাক্ত করার পর তা ধ্বংস করা হয়েছে।

المتحدث الرسمي لـ #وزارة_الدفاع: اعتراض وتدمير مسيّرة بالربع الخالي متجهةً إلى حقل شيبة. pic.twitter.com/y7DLpNyQYC— وزارة الدفاع (@modgovksa) March 9, 2026


ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউক্রেনের বিশেষজ্ঞ দল: জেলেনস্কি

ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞরা আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার এ তথ্য জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পদের আদান-প্রদান একটি 'দ্বিমুখী প্রক্রিয়া' হওয়া উচিত।

মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় মিত্রদের ইউক্রেন সহায়তা করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি এই মন্তব্য করেন। ইউক্রেনীয় সংবাদ সংস্থা ইউনিয়ানের প্রতিবেদন অনুযায়ী জেলেনস্কি সাংবাদিকদের বলেন, 'আগামী সপ্তাহে আমাদের বিশেষজ্ঞরা সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং সহায়তা দেবেন। তারা তাদের বিশেষ সক্ষমতা নিয়েই সেখানে যাচ্ছেন।'

জেলেনস্কি গত বুধবার জানিয়েছিলেন, ইরানের তৈরি 'শাহেদ' ড্রোন প্রতিহত করতে ইউক্রেনের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে রাশিয়া এই শাহেদ ড্রোনগুলোকেই তাদের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ফলে এই ড্রোনগুলো ধ্বংস করার বিষয়ে কিয়েভের কাছে বিশেষ অভিজ্ঞতা ও কৌশল রয়েছে, যা তারা এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ভাগ করে নিতে চায়।

ফাইল ছবি: সিএনএন

জেলেনস্কি মূলত ড্রোন ধ্বংসের কৌশলের বিনিময়ে আমেরিকার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন, 'আপনারা জানেন আমাদের কিসের অভাব রয়েছে এবং আমরাও বুঝতে পারছি উপসাগরীয় দেশগুলোর কী প্রয়োজন। তাই এই সহযোগিতা উভয় পক্ষের জন্যই ফলপ্রসূ হওয়া উচিত।'


নেতানিয়াহুর সঙ্গে 'যৌথ সিদ্ধান্তেই' ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে চলমান যুদ্ধ কখন থামানো হবে, সে বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল-এর সাথে টেলিফোনে আলাপকালে ট্রাম্প রোববার বলেন, এই সংঘাত সমাধানের ক্ষেত্রে নেতানিয়াহুর মতামত নেওয়া হবে।

ছবি: রয়টার্স

ট্রাম্প আরও বলেন, 'আমি মনে করি এটি পারস্পরিক বিষয়… কিছুটা হলেও। আমরা আলোচনা করছি। সঠিক সময়ে আমি সিদ্ধান্ত নেব, তবে সবকিছু বিবেচনায় নেওয়া হবে।'


'আমরা কুর্দিদের যুদ্ধে জড়াতে দেখতে চাই না': ট্রাম্প

শনিবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমরা কুর্দিদের যুদ্ধে জড়াতে দেখতে চাই না।'

তিনি আরও বলেন, 'যুদ্ধকে আমরা বর্তমানের চেয়ে আর বেশি জটিল করতে চাই না। কুর্দিরা হতাহত হোক, তা আমি দেখতে চাই না। তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। তারা যুদ্ধে যেতে আগ্রহী, কিন্তু আমি তাদের বলেছি যে আমি তা চাই না।'

এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, গত বৃহস্পতিবার ট্রাম্প তাদের জানিয়েছিলেন যে তিনি ইরানি কুর্দি যোদ্ধাদের অভিযানের পক্ষে। তবে হোয়াইট হাউস আগেই এমন এক প্রতিবেদন নাকচ করে দেয় যেখানে বলা হয়েছিল, ট্রাম্প কুর্দিদের অস্ত্র দেওয়ার কথা ভাবছেন।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ইরাকের এরবিল শহরের উপকণ্ঠে একটি ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছেন কুর্দিস্তান ফ্রিডম পার্টি (পিএকে)-এর ইরানি কুর্দি যোদ্ধারা। ছবি: রয়টার্স

উল্লেখ্য, এই কুর্দি যোদ্ধাদের একটি বড় অংশই অতীতে ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন বাহিনীর কাছে প্রশিক্ষণ পেয়েছিল।

এদিকে উত্তর ইরাকে নির্বাসিত ইরানি কুর্দি বিরোধী দলগুলো তাদের যোদ্ধাদের সীমান্ত পার হওয়ার খবরটি অস্বীকার করেছে। কুর্দিস্তান ফ্রিডম পার্টির (পিএকে) হানা ইয়াজদানপানা জানান, কুর্দি যোদ্ধাদের সুরক্ষার জন্য তারা যুক্তরাষ্ট্রের কাছে বারবার 'নো-ফ্লাই জোন' [বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকা] ঘোষণার দাবি জানিয়েছেন।


সংঘাত অব্যাহত থাকলে ইরানই সবচেয়ে 'বেশি ক্ষতিগ্রস্ত' হবে: সৌদি আরব

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির পাশাপাশি অন্যান্য উপসাগরীয়, আরব ও ইসলামি দেশগুলোর ওপর ইরানের 'জঘন্য' হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, বিমানবন্দর ও তেল স্থাপনার মতো বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলা চালানোই প্রমাণ করে যে তারা এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করতে বদ্ধপরিকর। এটি আন্তর্জাতিক আইন ও সনদের চরম লঙ্ঘন।

৫ মার্চ সৌদি আরবের রিয়াদে ইরানের হামলার পর ধোঁয়া উঠতে দেখা যায়। ছবি: রয়টার্স

হামলার সপক্ষে ইরানের দেওয়া যুক্তিও প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। তেহরান দাবি করেছিল, সৌদি আরব তাদের ভূখণ্ড ব্যবহার করে যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমান চলাচলের অনুমতি দিয়েছে। তবে এই দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়ে মন্ত্রণালয় স্পষ্ট করেছে, ওই বিমানগুলো কেবল ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন থেকে সৌদি আরব এবং জিসিসিভুক্ত দেশগুলোর আকাশসীমা রক্ষায় নিয়মিত টহল দিচ্ছিল।

ইরানকে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রণালয় বলেছে, এ ধরনের হামলা অব্যাহত রাখা মানে সংঘাতকে আরও উসকে দেওয়া, যা বর্তমান ও ভবিষ্যতের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, 'আমরা জোর দিয়ে বলতে চাই, আমাদের দেশগুলোর প্রতি ইরানের বর্তমান আচরণ মোটেও বুদ্ধিমত্তার পরিচয় দেয় না। এই সংঘাত ছড়িয়ে পড়লে ইরানই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত পক্ষ হবে।'


মার্কিন কূটনীতিকদের সৌদি আরব ছাড়ার নির্দেশ

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির মুখে সৌদি আরবে জরুরি দায়িত্বে নেই এমন কূটনীতিক ও সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

রিয়াদে মার্কিন দূতাবাসের প্রধান কার্যালয়। ছবি: এএফপি

গত রোববার রাতে ওয়াশিংটন থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ঘোষণা দেয়। মূলত ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষিতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার তিন দিনের মাথায় গত সোমবার থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন উপসাগরীয় দেশ থেকে নিজেদের এমন কর্মীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল ওয়াশিংটন।

সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরানের পক্ষ থেকে ড্রোন হামলা চালানো হয়েছিল। ওই হামলায় দূতাবাস প্রাঙ্গণে আগুন লেগে যায় এবং ভবনের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।


ইরানের ড্রোন হামলায় বাহরাইনে ৩২ জন আহত

ইরানের ড্রোন হামলায় বাহরাইনে ৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে অস্ত্রোপচারের প্রয়োজন এমন শিশুও রয়েছে।

বাহরাইনের মানামায় অবস্থিত দ্য ব্রেকার হাই-রাইজ অ্যাপার্টমেন্ট ভবনে ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির স্যাটেলাইট চিত্র। ছবি: ইপিএ ইমেজেস

খবরে বলা হয়, রাজধানী মানামার দক্ষিণে সিত্রা এলাকায় ইরানের একটি ড্রোন হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।


মোজতবাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণায় 'খুশি নন' ট্রাম্প

মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়ায় সন্তুষ্ট নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড বলেন, ট্রাম্প তাকে জানিয়েছেন, "আমি এতে খুশি নই।"

তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে আনুষ্ঠানিক মন্তব্য করেননি ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: ব্লুমবার্গ

এর আগে, মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি শুধু বলেন, "কী হয়, দেখা যাবে।"

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই নেবেন বলে জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, "আমি মনে করি এটি পারস্পরিক বিষয়… কিছুটা হলেও। আমরা আলোচনা করছি। সঠিক সময়ে আমি সিদ্ধান্ত নেব, তবে সবকিছু বিবেচনায় নেওয়া হবে।"

এ সময় ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানান। দুর্নীতির মামলায় বর্তমানে বিচারাধীন রয়েছেন নেতানিয়াহু।

নেতানিয়াহুর ডাকনাম উল্লেখ করে ট্রাম্প বলেন, "বিবি নেতানিয়াহুকে এখনই ক্ষমা করা উচিত। তাকে ক্ষমা না করে হারজগ খুব খারাপ কাজ করছেন বলে আমি মনে করি। আমরা চাই বিবি যুদ্ধের দিকে মনোযোগ দিক, কোনো হাস্যকর ক্ষমার বিতর্কে নয়।"


বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছড়িয়ে গেছে। 

ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৭৭ ডলার। ২০২০ সালে মহামারি শুরুর পর এটি তেলের দামের সবচেয়ে বড় দৈনিক উল্লম্ফন। এর আগে গত সপ্তাহেই তেলের দাম প্রায় ২৮ শতাংশ বেড়েছিল।

প্রতীকী ছবি: রয়টার্স

যুদ্ধ চলতে থাকায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। ওই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করা জাহাজে ইরানি বাহিনী হামলা চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

জেপি মরগানের প্রধান অর্থনীতিবিদ ব্রুস কাসম্যান বলেন, "বিশ্ব অর্থনীতি এখনো মধ্যপ্রাচ্যের তেল ও প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল, যা মূলত হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হয়।"

রয়টার্সকে তিনি বলেন, "স্বল্পমেয়াদে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১২০ ডলার পর্যন্ত উঠতে পারে। তবে সংঘাত দ্রুত কমে এলে, তেলের দামও কিছুটা কমতে পারে। কিন্তু কোনো স্পষ্ট রাজনৈতিক সমাধান না হলে বছরের মাঝামাঝি পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮০ ডলারের আশপাশে উঁচু অবস্থানেই থাকবে বলে ধারণা করা যায়।"


ইরানের নতুন সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোজতবা 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার সপ্তাহখানেক পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন তারই ছেলে মোজতবা খামেনি। ওই হামলার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে।

রোববার দেশটির শীর্ষ আলেমরা ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে তার বাবার উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন। এর মাধ্যমে ৪৭ বছরের ইতিহাসে সবচেয়ে বড় সংকটের সময় ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন তার ওপর পড়ল।

ইরানের প্রভাবশালী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), সামরিক বাহিনী এবং শীর্ষ নেতারা দ্রুতই নতুন সর্বোচ্চ নেতার প্রতি সমর্থন ঘোষণা করেছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সর্বাত্মক হামলা শুরুর পর থেকে দেশের নিরাপত্তা কৌশল পরিচালনার দায়িত্বে থাকা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি নতুন সর্বোচ্চ নেতার চারপাশে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

মোজতবা খামেনি। ছবি: রয়টার্স

পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, নতুন সর্বোচ্চ নেতাকে অনুসরণ করা "ধর্মীয় ও জাতীয় দায়িত্ব"।

মোজতবা খামেনি কখনো কোনো নির্বাচনে অংশ নেননি বা জনভোটের মুখোমুখি হননি। তবে দীর্ঘদিন ধরেই তিনি সর্বোচ্চ নেতার অভ্যন্তরীণ বলয়ের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত এবং আইআরজিসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে মোজতবা খামেনিকে তার বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বারবার আলোচনায় আনা হচ্ছিল। তার এই নির্বাচিত হওয়া ইঙ্গিত দিতে পারে যে, ইরানের ক্ষমতাকাঠামোর কঠোরপন্থি গোষ্ঠীগুলো এখনো শক্ত অবস্থানে রয়েছে। 

এদিকে, যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, স্বল্পমেয়াদে ইরান সরকার কোনো সমঝোতা বা আলোচনায় যেতে খুব একটা আগ্রহী নয়। 

 

Related Topics

টপ নিউজ

ইরান / ইরানে ইসরায়েলের হামলা / মধ্যপ্রাচ্য যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব ‘অবাস্তব’ ও ‘অযৌক্তিক’, ট্রাম্পের দাবি নাকচ করল ইরান
  • ইরানে ইতোমধ্যে ‘সরকার পরিবর্তন’ হয়ে গেছে: দাবি ট্রাম্পের
  • ইরান সংঘাত দীর্ঘ হলে ওষুধের কাঁচামালে বড় সংকটের আশঙ্কা
  • ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
  • যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net