মসজিদে পাওয়া অস্ত্র থানায় হস্থান্তর করলেন মোয়াজ্জিন, পুলিশ জানাল ‘লুট হয়েছিল’
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জোহরের নামাজের প্রস্তুতি চলছিল। এমন সময় দ্বিতীয় তলার দক্ষিণ পাশের একটি তাকে একটি আগ্নেয়াস্ত্র পড়ে থাকতে দেখেন মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন।
তিনি দেখতে পান, সেখানে রাখা একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ২০ রাউন্ড তাজা গুলি। পরে তিনি নিজ দায়িত্বে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করে আড়াইহাজার থানায় নিয়ে যান। সেখানে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের হাতে এসব আগ্নেয়াস্ত্র হস্থান্তর করেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আড়াইহাজার থানা থেকে লুট হয়েছিল।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ৯ এমএম পিস্তলটি পুলিশের ব্যবহৃত অস্ত্র হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। ২০২৪ সালে আড়াইহাজার থানা থেকে লুট হয়েছিল অস্ত্রটি।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে তিনি আড়াইহাজারে যাচ্ছেন। ঘটনাস্থলে গিয়ে আরও তথ্য পাওয়া যাবে। কীভাবে অস্ত্র ও গুলি মসজিদে পৌঁছাল এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।'
