ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের আকস্মিক পরিদর্শনের পর নারায়ণগঞ্জের সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ জোনের দুই এসিল্যান্ডসহ ১৮ জন কর্মকর্তা ও কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির।
যে দুই এসিল্যান্ডকে শোকজ প্রদান করা হয়েছে তারা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার এবং ফতুল্লা থানা সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমা। বাকি ১৬ কর্মকর্তা-কর্মচারীর বিস্তারিত নাম পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির বলেন, আজ সকালের দিকে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সদর উপজেলা, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা তিন ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে নানা অনিয়ম ও অসঙ্গতি ধরা পড়ে। এজন্য দুই এসিল্যান্ডসহ তিনটি ভূমি অফিসের ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করা হয়েছে। তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এর আগে সোমবার সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না হওয়া এবং আগেই হাজিরা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি বলেন, "কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত না থাকলেও অনেকের হাজিরা দেওয়া হয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ দেশের প্রকৃত মালিক এবং তাদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব, কোনো দয়া নয়। তাই সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণকে সেবা নিশ্চিত করতে হবে।''
তিনি আরও বলেন, ''অনিয়মের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, সরকারি সেবায় কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।''
