ছাত্রদলের বিরুদ্ধে তোলারাম কলেজ ছাত্রাবাসে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর বিকেলে কলেজের ছাত্রাবাসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের ইসদাইর এলাকার শের-ই বাংলা ছাত্রাবাসে এই ঘটনা ঘটে।
ইসলামী ছাত্র আন্দোলন তোলারাম কলেজ শাখার সভাপতি শাহ মোহাম্মদ সগির হোসেন বলেন, 'আজকে ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। বিকেলে ছাত্রদলের নেতা-কর্মীরা হলে প্রবেশ করে আমার রুম ভাঙচুর করে এবং মূল্যাবান সামগ্রী লুট করে নিয়ে যায়।'
তিনি বলেন, 'আমার ল্যাপটপ নিয়ে গেছে, আমার পাশের রুমের এক ভাইয়ের থেকে ট্যাব নিয়ে গেছে। এনআইডি কার্ড ও সার্টিফিকেট নষ্ট করে দিয়ে যায়। হামলাকারীদের কেউই ছাত্র নয়। বস্তি ও টোকাই শ্রেণীর লোকজন নিয়ে এসে ছাত্রাবাসে হামলা চালানো হয়েছে।'
মহানগর ছাত্রশক্তির সদস্য সচিব জহিরুল ইসলাম বলেন, 'ক্যাম্পাসে মারামারি করেছে ছাত্রদল আর শিবির। কিন্তু ছাত্রদল মারামারি শেষে ক্যাম্পাসের হলে অতর্কিত হামলা চালিয়েছে। শিবির আখ্যা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কক্ষ ভাঙচুর ও লুটপাট করেছে।'
তিনি বলেন, 'আমাদের ছাত্রশক্তির বেশ কয়েকজন কর্মীকে মারধর করে তাদের মোবাইল ছিনিয়ে নিয়েছে। এই হামলাকারীদের ছাত্র বলতে চাই না, এরা ছিনতাইকারী দল।'
তিনি আরও বলেন, 'ছাত্ররাজনীতিতে আমাদের একটি মানদণ্ডে পৌঁছানো দরকার। অন্যথায় এই অপরাজনীতির কারণে শিক্ষার পরিবেশ ধ্বংস হয়ে যাবে।'
এই বিষয়ে তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া বলেন, 'শিবিরের একটি ফেসবুক গ্রুপ রয়েছে। সেই গ্রুপে যারা যুক্ত আছে তারা ছাত্রদলের বিরুদ্ধে নানা অপপ্রচার চালায়।'
তিনি আরও বলেন, 'তাদের ফোন চেক করে সেগুলো সাময়িক জব্দ করে পরবর্তীতে হল সুপারের কাছে দিয়ে এসেছি। সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করা হয়নি।'
এ বিষয়ে তোলারাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, 'আমি ছাত্রাবাসে হামলার বিষয়ে কিছু জানি না। সার্বিক ঘটনায় তিন সদস্যের কমিটি করা হয়েছে। তাদের রিপোর্ট পেয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।'
