হুথিরা গাইডেড রকেট ও ক্ষেপণাস্ত্র তৈরিতে ক্লড এআই ব্যবহার করেছে: অ্যানথ্রোপিক
ইয়েমেনের একটি গোষ্ঠী গাইডেড রকেট এবং ক্ষেপণাস্ত্র তৈরির জন্য তাদের চ্যাটবট 'ক্লড' ব্যবহারের চেষ্টা করেছিল। এমন তথ্য প্রকাশ করেছে আমেরিকান কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক।প্রতিষ্ঠানটি এমন এক সময়ে এ তথ্য প্রকাশ করল যখন দেশটিতে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা আক্রমণাত্মক অভিযান চালিয়ে যাচ্ছে।
বিভিন্ন দেশে তাদের এআই 'ক্লড'-এর অবৈধ ব্যবহার যেভাবে ঠেকানো হয়েছে, এ নিয়ে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে অ্যানথ্রোপিক জানায়, তারা উত্তর ইয়েমেনভিত্তিক একটি হুমকি সৃষ্টিকারী দলকে শনাক্ত করেছে, যারা তিনটি অস্ত্র উন্নয়ন কর্মসূচি পরিচালনা করছিল।
এই কর্মসূচিগুলো ছিল, একটি গাইডেড রকেট, যা সাধারণ স্মার্টফোন-গ্রেডের ফ্লাইট কম্পিউটার ও শেষ ধাপের হোমিং গাইডেন্স ব্যবহার করেছিল; ২,০০০ কিলোমিটারের (১,২৫০ মাইল) বেশি পাল্লার একটি মাল্টি-স্টেজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র; এবং একটি মাল্টি-ভেরিয়েন্ট ক্ষেপণাস্ত্র... যার মধ্যে একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকেল ভ্যারিয়েন্টও অন্তর্ভুক্ত ছিল।'
দলটি বায়ুবাহিত এ অস্ত্রগুলোর জন্য গাইডেন্স, নেভিগেশন এবং কন্ট্রোল সফটওয়্যার তৈরিতে 'ক্লড' ব্যবহার করেছিল, যা সাধারণ অবস্থায় একটি প্রকৌশলী দলের প্রয়োজন হতো।
অ্যানথ্রোপিক জানায়, 'উক্ত গোষ্ঠীটি কার্যকর কোনো ডিভাইস তৈরি বা মোতায়েন করতে সফল হয়েছিল—এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই। তবে তারা একটি গাইডেড রকেটের পরীক্ষা মূলক উৎক্ষেপণ করেছিল।'
তাদের মতে, 'এই ফিল্ড টেস্টটি ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে: কারণ উৎক্ষেপণের কয়েক ঘণ্টার মধ্যেই ওই ব্যবহারকারীরা ব্যর্থতার কারণ খুঁজতে আবারও ক্লড-এ ফিরে এসেছিল।' অ্যানথ্রোপিক আরও জানায়, এই অবৈধ কর্মকাণ্ড শনাক্ত করার সাথে সাথেই তারা সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করেছে।
প্রতিষ্ঠানটি ওই গোষ্ঠীটির পরিচয় স্পষ্টভাবে প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে এতে হুথি বিদ্রোহীরা জড়িত, কারণ ইয়েমেনের রাজধানী সানাসহ উত্তর ইয়েমেনের একটি বিশাল অংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
এমন এক সময়ে এই তথ্য সামনে এলো, যখন ইরান-সমর্থিত এই মিলিশিয়া দলটি ইউরোপ ও এশিয়াকে সংযোগকারী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 'বাব আল-মানদেব' প্রণালির দিকে দেশজুড়ে এক বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে।
