যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষের জেরে শপিংমলে মুসলিম যুবককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ১
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি একটি শপিং মলের ভেতরে এক মুসলিম ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করেছেন। আদালতের নথি অনুযায়ী, তদন্তকারীদের তিনি বলেছেন, ভুক্তভোগীকে তার ধর্মের কারণে লক্ষ্যবস্তু করেছিলেন এবং তিনি 'মুসলমানদের হত্যা করতে চান'।
পুলিশ জানিয়েছে, উটাহ অঙ্গরাজ্যের ওয়েস্ট ভ্যালি সিটির ভ্যালি ফেয়ার মলে সোমবার সংঘটিত এই হামলাটি ধর্মীয় বিদ্বেষ থেকে সংঘটিত হয়েছে বলেই মনে হচ্ছে। মঙ্গলবার প্রকাশিত আদালতের একটি হলফনামায় তদন্তকারীরা বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি 'ভুক্তভোগীর ধর্মীয় পরিচয়ের কারণেই তাকে লক্ষ্যবস্তু করেছিলেন'। তারা আরও সতর্ক করে বলেন, 'তার সহিংস কর্মকাণ্ড, চরমপন্থী মতাদর্শ এবং আগাম পরিকল্পিত গণহত্যামূলক হামলার পরিকল্পনার কারণে মুক্তি পেলে তিনি জনসাধারণের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারেন।'
হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কর্মকর্তারা দেখতে পান, ভুক্তভোগীর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং তার 'প্রচুর রক্তক্ষরণ' হচ্ছিল হলফনামায় উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ সন্দেহভাজন ব্যক্তিকে আটকে রাখেন এবং পরে পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।
কারা কর্তৃপক্ষের নথি অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তির পরিচয় ৪৮ বছর বয়সী পিটার মাইকেল লারসেন। তাকে হত্যা চেষ্টার অভিযোগ এবং নিষিদ্ধ বিপজ্জনক অস্ত্র বহনের অভিযোগে সল্ট লেক কাউন্টি কারাগারে নেওয়া হয়েছে।
তদন্তকারীরা বলেন, লারসেন স্বীকার করেছেন যে, তিনি 'ভুক্তভোগীকে তার ধর্মীয় পরিচযয়ের (মুসলিম) কারণে হত্যার উদ্দেশ্যে লক্ষ্যবস্তু করেছিলেন'।
সল্ট লেক ট্রিবিউন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী ওই শপিং মলের একটি ছোট বিক্রয়কেন্দ্রে কাজ করতেন। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা, উটাহ ইসলামিক সেন্টারের ইমাম শুয়াইব দীন পত্রিকাটিকে জানান, সন্দেহভাজন ব্যক্তি প্রথমে ভুক্তভোগীর নাম জানতে চান, এরপর তার ধর্ম সম্পর্কে প্রশ্ন করেন এবং এক বোতল পানি চান।
ইমাম শুয়াইব দীনের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী পানি আনতে ঘুরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সন্দেহভাজন ব্যক্তি তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা শুরু করেন।
ভুক্তভোগীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তার এক বন্ধুর উদ্যোগে খোলা একটি অনলাইন তহবিল সংগ্রহের প্রচারণায় বলা হয়েছে, তাকে ১৫ বার ছুরিকাঘাত করা হয়েছে এবং তার একাধিক অস্ত্রোপচার করতে হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ তাকে কাবু করার সময় সন্দেহভাজন ব্যক্তিও আহত হন। পরে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং এরপর পুলিশ হেফাজতে নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম অধিকার সংগঠনগুলোর মধ্যে আমেরিকান-ইসলামিক সম্পর্কবিষয়ক পরিষদসহ বিভিন্ন সংগঠন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
নাগরিক অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষ ক্রমেই বাড়ছে। তাদের মতে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য ও সহিংসতা বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে অভিবাসীবিরোধী বক্তব্য, শ্বেতাঙ্গ আধিপত্যবাদ এবং গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধকে ঘিরে সৃষ্ট উত্তেজনা এই বিদ্বেষকে আরও উসকে দিয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে মুসলমানদের লক্ষ্য করে প্রাণঘাতী হামলার ঘটনাও ঘটেছে। এর মধ্যে ২০২৩ সালে ইলিনয় অঙ্গরাজ্যে ফিলিস্তিনি বংশোদ্ভূত ছয় বছর বয়সী এক মার্কিন শিশুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এছাড়া ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর একটি মসজিদে এক বন্দুকধারী গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে।
