বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নীতি আরও কঠোর করছে যুক্তরাষ্ট্র
বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের ভিসা নীতিতে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) থেকে এ-সংক্রান্ত চূড়ান্ত বিধিমালা প্রকাশ করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের 'এফ' ভিসা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির 'জে' ভিসা এবং সাংবাদিকদের 'আই' ভিসার জন্য নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করা হবে। বর্তমানে এসব ভিসা সংশ্লিষ্ট শিক্ষা, কর্মসূচি বা চাকরির পুরো সময়ের জন্য বৈধ থাকে।
বিধিমালাটি ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর কার্যকর হবে। তবে এর আগে কংগ্রেসে পর্যালোচনার সুযোগ থাকবে।
২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপক অভিবাসনবিরোধী অভিযান শুরু করেন। তার প্রশাসন বৈধ অভিবাসন ব্যবস্থার ওপরও নজরদারি বাড়িয়েছে। রাজনৈতিক মতাদর্শের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিসা ও গ্রিন কার্ড বাতিল করা হয়েছে এবং লাখো অভিবাসীর বৈধ অবস্থানও বাতিল করা হয়েছে।
নতুন নিয়মের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থী, বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান আরও কঠিন হবে।
নতুন বিধিমালা অনুযায়ী, শিক্ষার্থী ও সাংস্কৃতিক বিনিময় ভিসার মেয়াদ সর্বোচ্চ চার বছর হবে। বর্তমানে কয়েক বছর পর্যন্ত বৈধ থাকা সাংবাদিকদের ভিসার মেয়াদ কমিয়ে সর্বোচ্চ ২৪০ দিন করা হবে। আর চীনা সাংবাদিকদের ক্ষেত্রে এই মেয়াদ হবে ৯০ দিন।
তবে প্রয়োজন হলে ভিসাধারীরা মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন।
গত আগস্টে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনা সাংবাদিকদের জন্য প্রস্তাবিত এই নিয়মকে বৈষম্যমূলক বলে সমালোচনা করেছিল। বৃহস্পতিবার এ বিষয়ে চীনা দূতাবাসের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শিক্ষার্থীদের জন্য নতুন শর্ত
নতুন বিধিমালায় স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের অনুমতি ছাড়া শিক্ষার লক্ষ্য পরিবর্তন বা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ডিগ্রি বা প্রশিক্ষণ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ছাড়ার সময়সীমা ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করা হয়েছে।
সাবেক ডিএইচএস কর্মকর্তা ডগ র্যান্ড বলেন, 'বেশিরভাগ আমেরিকানই জানেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা দূর করা কতটা গুরুত্বপূর্ণ। এই নিয়ম ঠিক তার উল্টো কাজ করবে।'
ডিএইচএস জানিয়েছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ১৮ লাখের বেশি শিক্ষার্থী ভিসার মাধ্যমে প্রবেশ করেছে, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি।
এছাড়া, ২০২৪ অর্থবছরে যুক্তরাষ্ট্র সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে ৫ লাখের বেশি অংশগ্রহণকারী এবং ৩৭ হাজার ৩০০ সাংবাদিককে ভিসা দিয়েছে।
ডিএইচএসের মতে, এসব ভিসাধারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় তাদের অবস্থান পর্যবেক্ষণ ও তদারকি করা কঠিন হয়ে পড়ছে।
সংস্থাটি আরও জানিয়েছে, অনেক শিক্ষার্থী ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী বছরের পর বছর একই ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে থাকতে চাইলে ভিসাধারীদের ডিএইচএসের কাছে মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে অথবা দেশ ছেড়ে পুনরায় যুক্তরাষ্ট্রে প্রবেশের মাধ্যমে নতুন করে অনুমতি নিতে হবে।
