ইরান খুব বাজেভাবে হারছে, তাই হরমুজ খুলে দিতে চুক্তির প্রস্তাব দিয়েছিল, আমি রাজি হইনি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন।
হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বলেন, "তারা (ইরান) একটি প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছি।"
তিনি আরও বলেন, "তারা এমন একটি চুক্তি করতে চায়, যার মাধ্যমে তারা প্রণালিটি অবিলম্বে খুলে দেবে। কারণ, তারা খুব বাজেভাবে হারছে।"
এ সময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের 'সম্পূর্ণ নিয়ন্ত্রণ' রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান একটি প্রস্তাব দিয়েছিল। প্রস্তাব অনুযায়ী, চলমান মধ্যপ্রাচ্য সংঘাত অবসানের বৃহৎ উদ্যোগের অংশ হিসেবে ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে গতকাল শুক্রবার বলা হয়, ট্রাম্প ব্যক্তিগতভাবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি তার সহযোগীদের জানিয়েছেন যে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর তিনি ইরানের ওপর আবারও বোমা হামলা শুরু করার আশা করছেন।
