‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে
প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজারের বিক্রয়কেন্দ্রটি 'অসমাপ্ত আত্মজীবনী' বই বিক্রির অভিযোগে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। বইটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী।
ঘটনাটি গতকাল (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটে। পরে পুলিশের মধ্যস্থতায় ওই বিক্রয়কেন্দ্রের কর্মীদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, ওই দুজনকে থানায় নেওয়া হয়নি; তাদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে সেখান থেকেই ছেড়ে দেওয়া হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, 'অসমাপ্ত আত্মজীবনী' বইটি ২০২৪ সালের পর থেকে আর ছাপা হয়নি।
তিনি আরও বলেন, বইটি আর বিক্রি করা হবে না—এই শর্তে কর্মীদের ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের কাছে কোনো অভিযোগও করা হয়নি।
পুলিশ স্থানীয়দের উদ্ধৃত করে জানায়, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে দুজন যুবক বইটি কিনতে বিক্রয়কেন্দ্রে যান। তখন কর্মী আমিনুল ইসলাম ও হুমায়ুন কবির বইটির একটি কপি বের করে দেন। এরপর ওই যুবকেরা বইটি বিক্রি করার বিষয়ে আপত্তি জানান এবং দাবি করেন, বইটি নিষিদ্ধ।
পরে তারা এলাকার আরও কয়েকজনকে জড়ো করেন এবং বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে তাতে তালা লাগিয়ে দেন। একই সময়ে ওই দুই কর্মীকেও আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
