হাসিনার জন্মদিনের কেক কাটতে গিয়ে সাবেক এমপির বাসা থেকে গ্রেপ্তার ১৫ ছাত্রলীগ কর্মী
রাজধানীর উত্তরায় পলাতক বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সেখানে জড়ো হয়েছিল বলে জানা গেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উত্তরা ৭ নং সেক্টরের রিমনের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আরিফা আখতার প্রীতি।
তিনি বলেন, 'বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মো. শওকত হাসানুর রহমান রিমনের উত্তরা ৭ নং সেক্টরের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।'
তবে গ্রেপ্তারকৃতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম টিবিএসকে বলেন, 'গ্রেপ্তারকৃতরা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সেখানে জড়ো হয়েছিল। তাদের কেক কাটার পরিকল্পনা ছিল বলে জানা গেছে।'
