ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে দেশটিতে পুনরায় বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (২০ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'আমরা ইরানের সাথে চুক্তির শেষ পর্যায়ে আছি। এখন দেখা যাক কী হয়! হয় কোনো একটি চুক্তি হবে, নতুবা আমরা এমন কিছু [ভয়াবহ] পদক্ষেপ নেব যা হবে বেশ অপ্রীতিকর। তবে আমি আশা করছি তেমন কিছু ঘটবে না।'
ছয় সপ্তাহ আগে ট্রাম্প 'অপারেশন এপিক ফিউরি' স্থগিত করে যুদ্ধবিরতি ঘোষণা করার পর থেকে এ পর্যন্ত যুদ্ধ বন্ধের আলোচনায় খুব সামান্যই অগ্রগতি হয়েছে। চলতি সপ্তাহে ট্রাম্প জানিয়েছেন, তিনি নতুন করে হামলার নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু আলোচনার সুযোগ দিতে আপাতত তা থেকে বিরত থাকেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'আমরা এই বিষয়টিকে একটি সুযোগ দিচ্ছি। আমার কোনো তাড়া নেই। আদর্শগতভাবে আমি অনেক মানুষের মৃত্যুর চেয়ে খুব সামান্য মানুষের মৃত্যু দেখতে চাই। তবে আমরা যেকোনো পথেই এটি সমাধান করতে পারি।'
এদিকে তেহরানের পক্ষ থেকে ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে। ইরান হুমকি দিয়ে বলেছে, তাদের ওপর কোনো ধরনের হামলা চালানো হলে তারা মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়েও প্রতিশোধমূলক হামলা চালাবে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (রেভল্যুশনারি গার্ডস) এক বিবৃতিতে জানিয়েছে, 'যদি ইরানের বিরুদ্ধে আবারও আগ্রাসন চালানো হয়, তবে এবার এই আঞ্চলিক যুদ্ধ অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে।'
শান্তি আলোচনায় ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক অডিও বার্তায় জানিয়েছেন, 'শত্রুদের প্রকাশ্য ও গোপন তৎপরতা' দেখে বোঝা যাচ্ছে যে মার্কিনিরা নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে।
