ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, নিখোঁজ ক্রু-র সন্ধানে তল্লাশি চলছে
ইরানের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া, নিখোঁজ ক্রুদের জীবিত উদ্ধারে বর্তমানে জোরদার অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে জানানো হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর এটিই এ ধরনের প্রথম কোনো ঘটনা। মার্কিন ওই কর্মকর্তা জানান, বিমানটি ভূপাতিত হওয়ার পর থেকেই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কোনো তথ্য প্রদান করেননি।
এদিকে, এই ঘটনার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্লেষকরা মনে করছেন, চলমান যুদ্ধের মধ্যে মার্কিন পাইলটদের ইরানি ভূখণ্ডে বেঁচে থাকা বা আত্মগোপনে থাকার সম্ভাবনা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি দুই দেশের চলমান সংঘাতে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে।
অন্যদিকে, ইরানি কর্মকর্তারা সে দেশের সাধারণ নাগরিকদের নিখোঁজ ক্রুদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা 'ইসনা' জানিয়েছে, দেশটির কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের গভর্নর ঘোষণা করেছেন যে, মার্কিন ক্রুদের যারা জীবিত ধরতে বা হত্যা করতে পারবে, তাদের বিশেষভাবে পুরস্কৃত বা প্রশংসিত করা হবে।
