'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
তেহরানের আর ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই বলে দাবি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সেই দাবি উড়িয়ে দিয়েছে ইরানের আধা-সামরিক বাহিনী রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীর একজন মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন, তেহরান এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র তৈরি করে চলেছে।
শুক্রবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদপত্র 'ইরান'-এর এক প্রতিবেদনে আইআরজিসি মুখপাত্র জেনারেল আলি মহম্মদ নাইনির এই মন্তব্য উদ্ধৃত করা হয়েছে।
নাইনি বলেন, 'আমাদের ক্ষেপণাস্ত্র শিল্পের স্কোর একেবারে ২০-এ ২০। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। দুর্দান্ত বিষয় হলো, এই যুদ্ধাবস্থার মধ্যেও আমরা ক্ষেপণাস্ত্র বানিয়ে চলেছি এবং সেগুলো মজুত করতেও আমাদের কোনো রকম সমস্যা হচ্ছে না।'
প্রসঙ্গত, ইরানের শিক্ষাব্যবস্থায় কোনো বিষয়ে পূর্ণমান বা সর্বোচ্চ নম্বর বোঝাতে '২০' সংখ্যাটি ব্যবহার করা হয়।
বৃহস্পতিবার ইসরায়েলে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু দাবি করেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির মতো কোনো সক্ষমতাই ইরানের আর অবশিষ্ট নেই।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষ্যমতে, 'আমরা জিতছি, আর ইরান ক্রমশ ধ্বংসের দিকে এগোচ্ছে।'
তবে যুদ্ধ যে অব্যাহত থাকবে, তা স্পষ্ট করে দিয়েছেন আইআরজিসি মুখপাত্র।
ইরানের সাধারণ মানুষের মনোভাব প্রসঙ্গে জেনারেল নাইনি বলেন, 'যতক্ষণ না শত্রুপক্ষ সম্পূর্ণ পর্যুদস্ত হচ্ছে, ততক্ষণ এই যুদ্ধ চলুক— দেশের মানুষ এমনই চাইছেন। দেশ থেকে যুদ্ধের কালো ছায়া পুরোপুরি দূর হলে তবেই এই লড়াই থামবে।'
উল্লেখ্য, এই প্রতিবেদন প্রকাশের পরই জানা যায়, আইআরজিসির মুখপাত্র নাইনি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। যদিও তার মৃত্যুর সঠিক সময় সম্পর্কে জানা যায়নি।
