জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি
জুম কলে ৯০০ কর্মীকে চাকরিচ্যুত করা এবং কর্মীদের 'বানর' বলে অপমান করার অভিযোগ ওঠা সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গার্গের বিরুদ্ধে এবার তার নিজের কোম্পানিই মামলা করেছে।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটির নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নিতে গার্গ ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ করেছে বেটার হোম অ্যান্ড ফাইন্যান্স নামের প্রতিষ্ঠানটি।
মামলায় আরও বলা হয়েছে, গার্গ কর্মীদের 'বানর' ও 'বুদ্ধিহীন ডলফিন'-বলে অপমান করতেন।
করোনা মহামারির সময় দুই মিনিটেরও কম সময়ের একটি জুম কলে প্রায় ৯০০ কর্মীকে চাকরিচ্যুত করে আলোচনায় এসেছিলেন গার্গ।
গত ৩ আগস্ট কোম্পানিটির পরিচালনা পর্ষদ গার্গকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়ার পক্ষে ভোট দেয়। গার্গ ছাড়া পর্ষদের সব সদস্যই তাকে সরানোর পক্ষে ভোট দেন।
মামলায় বলা হয়েছে, ২০২২ সাল থেকে কোম্পানিটির ১৫০ কোটি ডলারের বেশি নিট লোকসান হয়েছে। একই সময়ে গার্গের নেতৃত্বে কোম্পানিটির শেয়ারের দাম ৯০ শতাংশের বেশি কমেছে।
কোম্পানিটির অভিযোগ, পরিচালনা পর্ষদের কাছ থেকে নিয়ন্ত্রণ ফিরে পেতে গার্গ 'শেয়ারহোল্ডারদের একটি জোট' গড়ে তোলার চেষ্টা করেছেন এবং কোম্পানি সম্পর্কে অবিরাম 'বিভ্রান্তিকর বিবৃতি' দিয়েছেন।
মামলায় আরও বলা হয়েছে, গার্গের এসব কর্মকাণ্ড ফেডারেল সিকিউরিটিজ আইনের লঙ্ঘন।
মামলায় দাবি করা হয়েছে, ৩ আগস্ট গার্গকে সিইও পদ থেকে সরানোর পর তিনি কোম্পানিটির বিরুদ্ধে 'প্রতিশোধমূলক অভিযান' শুরু করেন। ১০ আগস্ট তিনি কোম্পানিটির পরিচালনা পর্ষদের কাছে একটি চিঠি পাঠিয়ে সব সদস্যকে পদত্যাগ করার অনুরোধ করেন।
'উদ্বিগ্ন শেয়ারহোল্ডারদের' পক্ষ থেকে তিনি এসব করছেন বলেও দাবি করেন।
মামলা অনুযায়ী, গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে গার্গ ওই শেয়ারহোল্ডারদের সমর্থন জোগাড় করেন।
এতে বলা হয়েছে, তিনি সংবাদ বিজ্ঞপ্তি, সামাজিক যোগাযোগমাধ্যম এবং প্রচলিত গণমাধ্যমে প্রচার চালিয়ে মিথ্যাভাবে দাবি করেন যে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের ভোটের '৫২ শতাংশ' তার পক্ষে রয়েছে। তবে প্রয়োজনীয় কোনো প্রক্সি বিবৃতি তিনি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেননি বলে অভিযোগ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থাকতে না পারা শেয়ারহোল্ডারদের কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে তথ্য জানাতে প্রক্সি প্রকাশনা ব্যবহার করা হয়।
কোম্পানিটি আদালতের কাছে গার্গের পক্ষে দেওয়া সব শেয়ারহোল্ডার সমর্থন বাতিল এবং অন্তত ৩০ দিনের জন্য তাকে নতুন করে শেয়ারহোল্ডারদের সমর্থন চাওয়া থেকে বিরত রাখার আবেদন করেছে।
