সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে ‘বাধা নেই’
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা এক মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৭ আগস্ট) 'নো অর্ডার' আদেশ দেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। এছাড়া, আদালতের অনুমতি ছাড়া তিনি দেশত্যাগ করতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
আদালতে খায়রুল হকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। তার সঙ্গে ছিলেন আইনজীবী মোনায়েম নবী শাহীন প্রমুখ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ নাজমুল হাসান ছিদ্দিকী ও মো. মোখলেছুর রহমান।
জামিন বহাল থাকায় সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
এর আগে গত ১০ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা ওই মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই জামিন আদেশ দেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হক গ্রেপ্তার হন। পরে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর পর্যায়ক্রমে আরও বেশ কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
