ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতি ইউনিট ২৩.৯৩ মার্কিন ডলার দরে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড আগামী ১ থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে এই এলএনজি সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ (মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট) এলএনজির দাম ধরা হয়েছে ২৩.৯৩ মার্কিন ডলার। এটি ২০২৬ সালের ৪৪তম কার্গো।
পাশাপাশি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৪ কার্গো এলএনজি (প্রতিটি থেকে দুটি করে) কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে জানানো হয়, জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে মোট ১ লাখ ১৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে কানাডার 'কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন' (সিসিসি) থেকে ৮০ হাজার টন এবং রাশিয়ার 'জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন' থেকে ৩৫ হাজার টন এমওপি সার আনা হবে। উভয় ক্ষেত্রে প্রতি টনের দাম পড়বে ৩৭৭.৬৩ মার্কিন ডলার। এছাড়া সৌদি আরবের 'এসএবিআইসি অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি' থেকে প্রতি টন ৪৩০ মার্কিন ডলার দরে ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে, যার মোট ব্যয় ২১৩ কোটি ১৯ লাখ টাকার বেশি।
বাণিজ্যিক প্রয়োজনে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার বা ২০ হাজার টন পরিশোধিত পাম অলিন কেনার সিদ্ধান্ত হয়েছে। শবনাম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ এই তেল সরবরাহ করবে। এতে ব্যয় হবে ৩৬৮.২০ কোটি টাকা এবং প্রতি লিটারের দাম পড়বে ১৮৪.১০ টাকা।
বাংলাদেশ রেলওয়ের 'গ্রিন রেলওয়ে পরিবহন প্রস্তুতিমূলক কারিগরি সহায়তা' প্রকল্পের আওতায় ঢাকা বিমানবন্দর ও কমলাপুর স্টেশনে 'মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব' নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা ও ধারণাগত নকশার জন্য পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ কাজে ব্যয় হবে ৫৩ কোটি ৬৬ লাখ টাকা।
এছাড়া ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার কোম্পানির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানের 'এমএইচআই' থেকে ৩৯ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে আরও এক বছরের টেকনিক্যাল সার্ভিস নেওয়ার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দারোয়ানী টেক্সটাইল মিল ও মাগুরা টেক্সটাইল মিল পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে চালুর লক্ষ্যে বেসরকারি অংশীদার নির্বাচনের চুক্তির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জন্য ৪০টি ড্রাইভিং সিমুলেটর সংগ্রহের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে ইউরিয়া সার আমদানির জন্য সংযুক্ত আরব আমিরাতের 'ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডে'র সঙ্গে বিসিআইসির চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও নীতিগতভাবে অনুমোদিত হয়।
