ইরানে সামরিক অভিযানের সম্ভাব্য কৌশল নিয়ে যুক্তরাষ্ট্র ও কুর্দিদের মধ্যে বৈঠক
ইরানের পশ্চিমাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলার সম্ভাবনা ও পদ্ধতি নিয়ে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করেছে ইরানি কুর্দি মিলিশিয়ারা।
বুধবার (৪ মার্চ) সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকি কুর্দিস্তানের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলে ইরান-ইরাক সীমান্তে অবস্থানরত ইরানি কুর্দি গোষ্ঠীগুলোর একটি জোট এ ধরনের হামলার জন্য দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নিচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো ইরানে বর্তমান ইসলামি শাসনব্যবস্থার বিরোধীদের জন্য বিদ্রোহ করার মতো একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা।
সূত্রগুলো আরও জানিয়েছে, এই গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের কাছে সরাসরি সামরিক সহায়তার অনুরোধ করেছে। এছাড়া ইরাকের এরবিল ও বাগদাদের নেতারাও গত কয়েক দিনে এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন।
তবে এই পরিকল্পনায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র সম্পৃক্ততা ঠিক কতটুকু, তারা কোনো অস্ত্র সরবরাহ করেছে কি না কিংবা মার্কিন বাহিনী কুর্দিদের সঙ্গে ইরানে প্রবেশ করবে কি না, সে বিষয়ে রয়টার্স নিশ্চিত হতে পারেনি।
এ বিষয়ে সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া হোয়াইট হাউস, পেন্টাগন এবং কুর্দিস্তান আঞ্চলিক সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
