ইরানের খারগ দ্বীপে আবারও হামলার হুমকি ট্রাম্পের
ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র 'খারগ দ্বীপে' আরও ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের প্রধান রুট 'হরমুজ প্রণালী' নিরাপদ রাখতে মিত্র দেশগুলোকে সেখানে যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছেন তিনি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন হামলায় খারগ দ্বীপের বড় একটি অংশ এরই মধ্যে 'পুরোপুরি ধ্বংস' হয়ে গেছে।
শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অত্যন্ত কঠোর সুরে বলেন, 'আমরা স্রেফ মজা করার জন্য সেখানে আরও কয়েকবার হামলা চালাতে পারি।'
ট্রাম্পের এই মন্তব্যকে সংঘাতের চরম উসকানি হিসেবে দেখা হচ্ছে। এর আগে হোয়াইট হাউজ থেকে বলা হয়েছিল, তারা খারগ দ্বীপের কেবল সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। কিন্তু ট্রাম্পের নতুন এই অবস্থান কূটনৈতিক সমাধানের পথকে আরও সংকীর্ণ করে তুলেছে। রয়টার্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো আলোচনার মাধ্যমে সংঘাত থামানোর চেষ্টা করলেও ট্রাম্প প্রশাসন তাতে কর্ণপাত করছে না।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ব্রিটেনসহ অন্যান্য দেশকে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর অনুরোধ করেন। তবে এখন পর্যন্ত কোনো দেশই এ বিষয়ে সরাসরি ইতিবাচক সাড়া দেয়নি।
জাপানের ক্ষমতাসীন দলের নীতি নির্ধারণী প্রধান তাকেয়ুকি কোবায়াশি জানিয়েছেন, দেশটির শান্তিবাদী সংবিধান অনুযায়ী বিদেশে সেনা বা যুদ্ধজাহাজ মোতায়েনের ক্ষেত্রে অত্যন্ত কঠিন আইনি বাধা রয়েছে। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা ট্রাম্পের এই অনুরোধ 'সতর্কতার সঙ্গে পর্যালোচনা' করে সিদ্ধান্ত নেবে। অন্যদিকে ফ্রান্স ও ব্রিটেন জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আন্তর্জাতিক নৌ-পথের নিরাপত্তা নিশ্চিত করতে মিত্রদের সঙ্গে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছে।
