বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
বাহরাইনে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটি ইরানের হামলায় ধ্বংস হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য প্রচার করা হয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা 'ফারস নিউজ' একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, একের পর এক রকেট দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানছে এবং সেখানে প্রচণ্ড বিস্ফোরণ ঘটছে।
আইআরজিসি দাবি করেছে, বাহরাইনের শেখ ঈসা এলাকায় তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বিমানঘাঁটির কমান্ড ও স্টাফ ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হামলায় ঘাঁটির জ্বালানি ট্যাংকেও ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
অবশ্য এই হামলার বিষয়ে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গিয়েছিল।
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাহরাইনসহ ওই অঞ্চলের আরও এক ডজন দেশ থেকে তাদের নাগরিকদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত আমেরিকানদের দ্রুততম সময়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
