বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, হামলায় দূতাবাস ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার পর বাগদাদের গ্রিন জোনে অবস্থিত দূতাবাস ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি মার্কিন দূতাবাস প্রাঙ্গণের হেলিপ্যাডে আঘাত হেনেছে। অন্যদিকে, ফরাসি সংবাদ সংস্থা এএফপি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দূতাবাসটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।
সংবাদ সংস্থাগুলো আরও জানিয়েছে, ইরাকের রাজধানীতে এক অভিযানে ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার কিছুক্ষণ পরই মার্কিন দূতাবাসে এই হামলার ঘটনা ঘটে।
হামলার পর দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও পাওয়া যায়নি।
