Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
‘ক্যাটস্তাম্বুল’: যে শহরের অলিগলিতে চলে বিড়ালদের রাজত্ব, আর তাদের 'সেবা' করে মানুষ

আন্তর্জাতিক

বিবিসি
30 November, 2025, 01:45 pm
Last modified: 30 November, 2025, 01:54 pm

Related News

  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আত্মপক্ষ শুনানি ১২ জানুয়ারি
  • মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যা: পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২ ডিসেম্বর
  • এটা আমার মেয়ের বিড়াল, আমরা ওকে জিবু বলে ডাকি: পোষা বিড়াল সম্পর্কে তারেক রহমান
  • সব বিড়াল পানি ভয় পায় না; কিছু বন্য বিড়াল পারদর্শী ডুবসাঁতারেও

‘ক্যাটস্তাম্বুল’: যে শহরের অলিগলিতে চলে বিড়ালদের রাজত্ব, আর তাদের 'সেবা' করে মানুষ

পোষাও নয়, আবার ঠিক ভবঘুরেও নয়। কেউ হয়তো একাকী ঘুরে বেড়ানো ‘সৈনিক’, আবার কেউ দলবেঁধে চলা ‘গ্যাংস্টার’। তবে তারা যেই হোক না কেন, অটোমান সাম্রাজ্যের দিনগুলো থেকে শুরু করে আধুনিক ইস্তাম্বুলের অলিতে-গলিতে এই বিড়ালেরা নিজেদের মতো করে শহরটিকে শাসন করছে। 
বিবিসি
30 November, 2025, 01:45 pm
Last modified: 30 November, 2025, 01:54 pm
ছবি: মার্সেল হেইজেন

রাস্তার প্রতিটি বাঁকে, দোকানের জানালায়, দরজার চৌকাঠ মাড়িয়ে ভেতরে, এমনকি গাড়ির ছাদে—সবখানেই তাদের নিত্য আনাগোনা। কখনও বা তারা কোনো মাংসের দোকানের সামনে তীক্ষ্ণ দৃষ্টি রেখে ধৈর্য ধরে বসে থাকে, সুস্বাদু এক টুকরোর আশায়। 

শহরের মানুষগুলোও যেন তাদের 'সেবাদাতা'র ভূমিকায় নামতে অভ্যস্ত; বেশিরভাগ সময়েই দেখা যায়, কেউ না কেউ উদারভাবে তাদের জন্য কিছু একটা রেখে যাচ্ছেন। আবার প্রায়শই তারাই চুপচাপ হেঁটে যায় তাদের 'মালিক' নয় এমন কারও যত্নে রাখা খাবারের বাটির দিকে।

এই সাম্রাজ্যের নিয়ম ভাঙার ফলও কিন্তু ভুগতে হবে! আপনি কোনো রেস্টুরেন্টে খেতে বসলেন, তবে তাদের পেটের দাবি মেটাননি। মুহূর্তেই হয়তো কানে ভেসে আসবে এক 'মিউ' গর্জন! তাকিয়ে দেখবেন, পাশের উঁচু জায়গায় বসে থাকা তারা আপনার প্লেট থেকে তাদের প্রাপ্য খাবারের ভাগ চেয়ে নিচ্ছে। 

ফুটপাত থেকে শুরু করে ব্যস্ত রাস্তার মাঝখান, প্রাচীন মসজিদ, মেট্রো স্টেশন, আধুনিক ক্যাফে কিংবা ছাদের ওপর দিয়ে হেঁটে যাওয়া বা পার্কে আলস্যে গা এলিয়ে দেওয়া—সবখানেই তাদের অবাধ গতি। বাজারে তারা টুকটাক নাস্তা খাচ্ছে, আবার কখনো বা দোকানের ভেতর দিয়ে হেঁটে বেড়াচ্ছে—কোনো বাধা নেই। 

তুরস্কে ঘুরতে আসলে ইস্তাম্বুলের সংস্কৃতিতে বিড়ালের বিশেষ স্থান টের পেতে বেশি সময় লাগার কথা না। তবে মহানগরে পা রাখার আগে আপনি যত প্রস্তুতিই নিন না কেন, এই শহরের অলিতে-গলিতে বিড়ালের এমন  প্রাচুর্যের জন্য প্রস্তুত থাকা সম্ভবত অসম্ভব। 

ছবি: মার্সেল হেইজেন

এমনকি বসফরাসের জলপথের ওপর দিয়ে যাওয়া ফেরিতেও তাদের নির্বিঘ্নে পারাপার হতে দেখা যায়। ইউরোপ আর এশিয়া—দুই তীরে অবস্থিত দুটি পার্ককে তারা নিজেদের পছন্দের আড্ডাস্থল বানিয়ে নিয়েছে। ক্যাফের চেয়ার বা টেবিলে বসে বিশ্রাম নিতেও তারা বিন্দুমাত্র দ্বিধা করে না—কারণ, এই শহর যে তাদেরও!

তাদের বয়স, রং, গড়ন বা আকার ভিন্ন হতে পারে। কেউ হয়তো একাকী ঘুরে বেড়ানো 'সোলজার', আবার কেউ দলবেঁধে চলা 'গ্যাংস্টার'। তবে তারা যেই হোক না কেন, অটোমান সাম্রাজ্যের দিনগুলো থেকে শুরু করে আধুনিক ইস্তাম্বুলের অলিতে-গলিতে এই বিড়ালেরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের মতো করে শাসন করছে। 

কার্পেটের দোকানের মতো শহরের প্রতিটি কোণায় কোণায় বিড়ালও যেন শত শত বছরের পুরোনো এই শহরটির ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে মিশে আছে; বাসিন্দারা এই প্রাণীগুলোর সঙ্গে শহরের সবটা ভাগ করে নিয়েছে। বিড়ালপ্রেমীদের কাছে ইস্তাম্বুলের একটি জনপ্রিয় ডাকনামও প্রচলিত; 'ক্যাটস্তাম্বুল'। এই বিশেষ আকর্ষণে সারা বিশ্বজুড়ে অনেক পর্যটক কেবল এই বিড়ালদের দেখতেই ইস্তাম্বুল ভ্রমণে আসেন।

দেড় কোটিরও বেশি মানুষের এই মহানগরীতে প্রতিনিয়ত যে 'ঠাঁই' পাওয়ার প্রতিযোগিতা, তার মধ্যে এই বিড়ালরা অনেকটা - একটি পোষা বিড়াল যেমন আরাম করে সোফার অর্ধেকটা আর কফি টেবিলের অন্য অর্ধেকটা জুড়ে বসে থাকে, ঠিক তেমনই। কারণ, ধারণা করা হয়, এই শহরে প্রায় আড়াই লাখ পথচারী বিড়ালেরও বসবাস।

ছবি: মার্সেল হেইজেন

'সিটি ক্যাটস অব ইস্তাম্বুল' বইয়ের ফটোগ্রাফার ও লেখক মার্সেল হেইজেন এই সম্পর্কের ব্যাখ্যা দিয়ে বলেন, ইস্তাম্বুলের বিড়ালগুলো পুরোপুরি পোষাও নয়, আবার পুরোপুরি ভবঘুরেও নয়। এলাকার মানুষজন দলবদ্ধভাবে তাদের যত্ন নেন। বিড়ালদের প্রতি এমন গভীর শ্রদ্ধা ও যত্নশীলতা তিনি পৃথিবীর আর কোথাও দেখেননি।

বিড়ালদের প্রতি এই ভালোবাসার প্রাতিষ্ঠানিক রূপও আছে। 'ক্যাট মিউজিয়াম ইস্তাম্বুল'-এর সহ-প্রতিষ্ঠাতা ফাতিহ দাউলি জানান, 'প্রত্যেক পৌরসভার অধীনে একটি ভেটেরিনারি বিভাগ আছে। তারা পথবিড়ালদের জন্য বিনামূল্যে নিউটারিং সেবাও দিয়ে থাকে।' তিনি আরও জানান, বেসরকারি পশু চিকিৎসাকেন্দ্রগুলোও পথবিড়ালদের জন্য কম মূল্যে সেবা দেয়। বাসিন্দারাও প্রায়শই ভেটেরিনারি বিল মেটানোর জন্য নিজেদের পক্ষ থেকে আর্থিক সাহায্য করেন।

বিড়ালের প্রতি এই গভীর অনুরাগ কিন্তু নতুন নয়। হেইজেন জানান, 'পথবিড়ালের প্রতি এই ভালোবাসা সেই অটোমান সাম্রাজ্যের দিনগুলো থেকে শুরু। সেই সময়ে স্থানীয় দাতব্য সংস্থাগুলো নিশ্চিত করত যেন পথপ্রাণীদের ঠিকমতো যত্ন নেওয়া হয়।' 

শুধু তাই নয়, পথবিড়ালদের প্রতি এই ভালোবাসা থেকে 'মানজাজি' নামে একটি একসময় পূর্ণকালীন পেশাও তৈরি হয়। মানজাজিদের প্রধান দায়িত্ব ছিল শহরের বিড়ালদের জন্য খাবারের ব্যবস্থা করা। স্থানীয় বাসিন্দারাও মানজাজিদের কাছ থেকে খাবার কিনে বিড়ালদের খাওয়াতেন।

এই সম্পর্কের শেকড় আরও গভীরে খুঁজে বের করেন ফাতিহ দাউলি। তিনি বলেন, ' ফিনিশীয় যুগ থেকেই সমুদ্রগামী ব্যবসায়ীরা ইঁদুর থেকে নিজেদের রক্ষা করতে জাহাজে বিড়াল রাখতেন।' রোমান এবং অটোমান আমলে ব্যস্ত ইস্তাম্বুলের বন্দরগুলোতে রেশম ও মশলার বাণিজ্য জাহাজ ভেড়ার সঙ্গে সঙ্গেই অসংখ্য বিড়ালও এসে ভিড় করত বলে জানান তিনি।

ছবি: মার্সেল হেইজেন

আপনি যদি ঐতিহাসিক ফাতিহ এলাকা হেঁটে দেখেন এবং বিখ্যাত ব্লু মসজিদ ও হাজিয়া সোফিয়া মসজিদ ঘুরতে যান, তবে আপনার সঙ্গে সুলো নামের একটি বিড়ালের দেখা হতে পারে। এই গোলগাল ধূসর-সাদা ডোরাকাটা বিড়ালটিকে সুলতানাহমেত স্কোয়ারে প্রায়শই পর্যটকদের জন্য পোজ দিতে দেখা যায়। যে খবরের কাগজ বিক্রেতা তার যত্ন নেন, সুলো কখনও তার কাছ থেকে দূরে থাকে না।

পাহাড়ি এলাকায় এবং বসফরাসের তীর ঘেঁষে বিড়ালদের প্রায়ই বেঞ্চ ও সিঁড়িতে শুয়ে থাকতে দেখা যায়। আবার কাঠের তৈরি 'এ-ফ্রেম' বিড়াল ঘরগুলোতে তারা নিশ্চিন্তে দুপুরের ঘুম সেরে নেয়। বাজারের বাইরে এবং মেট্রো স্টেশনগুলোর পাশে শুকনো খাবার ও পানির বাটি অপেক্ষায় থাকে ক্ষুধার্ত বিড়ালদের জন্য। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা ক্যাফেতে নিজেদের খাবারের কিছু অংশ সানন্দে ভাগ করে নেন সেই পথবিড়ালদের সঙ্গে, যারা আলতো করে তাদের পায়ে গা ঘষে যায়।

এই কোলাহলপূর্ণ, ব্যস্ত মহানগরীতে ইস্তাম্বুলের পথবিড়ালগুলো যেন সবচেয়ে শান্ত নাগরিক। যে কোনও শহরকে সাধারণত তার কোমলতার জন্য খুব কমই স্বীকৃতি দেওয়া হয়। শহর তৈরি হয় মানুষের জন্য—রাস্তা, অট্টালিকা, সেতু এবং ইট, কংক্রিট, কাঁচ ও স্টিলের মতো কঠিন উপাদান দিয়ে। যেখানে পথপ্রাণীদের জীবন ততটা সহজ নয়, সেখানে ইস্তাম্বুলের বিড়ালরা যেন একরকম স্বাচ্ছন্দ্যেই আছে। 

হেইজেন বলেন, 'এই ইট, কংক্রিটের ভিড়ে মানুষ বাদে অন্য একটি প্রাণীর নিজস্ব জায়গা করে নেওয়াটা সত্যিই বিশেষ কিছু। আর তাদের প্রতি স্থানীয়দের যত্নশীল হওয়াটা আরও বেশি তাৎপর্যপূর্ণ।' 

 

Related Topics

টপ নিউজ

ক্যাটস্তাম্বুল / ইস্তাম্বুল / বিড়াল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আত্মপক্ষ শুনানি ১২ জানুয়ারি
  • মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যা: পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২ ডিসেম্বর
  • এটা আমার মেয়ের বিড়াল, আমরা ওকে জিবু বলে ডাকি: পোষা বিড়াল সম্পর্কে তারেক রহমান
  • সব বিড়াল পানি ভয় পায় না; কিছু বন্য বিড়াল পারদর্শী ডুবসাঁতারেও

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net