'ঋণ পরিশোধ করতে' সুইস জাদুঘরে দুই ব্রিটিশ ভাইয়ের ডাকাতি
ঋণ পরিশোধ করতে সুইজারল্যান্ডের এক জাদুঘরে ডাকাতি করেছিলেন দুই ব্রিটিশ নাগরিক। দেশটির জেনেভা শহরের ফার ইস্টার্ন আর্ট জাদুঘরে ২০১৯ সালে এ ঘটনাটি ঘটে। খবর বিবিসির।
ডাকাতি নিয়ে আদালতে গতকাল (সোমবার) স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন গ্রেফতার হওয়া দুই ব্রিটিশ নাগরিক। প্রসিকিউটররা জানান, অভিযুক্তরা জাদুঘরটির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছিল।
জাদুঘরটিতে মিলিয়ন ডলার মূল্যের চীনা মিং রাজবংশের যুগের নিদর্শন রয়েছে। সেখান থেকে তারা ১৪ শতকের ফুলদানি এবং একটি বাটি নিয়ে গিয়েছিল।
স্টুয়ার্ট ও লুই আহারনে নামে অভিযুক্ত দুই ভাই আদালতে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চুরি, অনুপ্রবেশ এবং সম্পত্তির ক্ষতির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা চলছে।
আদালতের বিচারকার্যে সভাপতিত্ব করা প্যাট্রিক মনি গোপনে শুনানির জন্য শেষ মুহূর্তের আবেদন প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, আদালত সুইস প্রসিকিউটর অফিস এবং জেনেভা পুলিশের রিপোর্ট থেকে মামলার সত্যতা সম্পর্কে অবগত ছিল। সেক্ষেত্রে শুনানির উদ্দেশ্যই হচ্ছে, 'অতিরিক্ত প্রশ্ন জিজ্ঞাসা করা'।
আদালত অবগত হয় যে, ডাকাতির পরপরই দুই ভাই চুরি হওয়া একটি আইটেম নিলামে ৮ হাজার মার্কিন ডলার বিক্রির জন্য হংকং গিয়েছিলেন।
লুই আহারন চুরির কয়েকদিন আগে জেনেভায় এসেছিলেন। ৩৪ বছর বয়সী এই ব্যক্তি 'জাদুঘরের ফিল্মিং' করেন এবং 'চুরিতে অংশ' নেন।
লুই আহারনে আদালতকে বলেন, "আমি ঋণগ্রস্ত ছিলাম। আমাকে ঋণ পরিশোধের জন্য একজন সামনের মানুষ সাজতে অর্থ প্রদান করা হয়েছিল। সিসিটিভির ভিডিওতে থাকা আমি তৃতীয় ব্যক্তি; যার হাতে কোনো হাতুড়ি নেই।"
শুনানির পুরো সময়টি দুই ভাই জোর দিয়ে বলেন যে, তারা জড়িত তৃতীয় ব্যক্তির নাম বলতে চান না।
৪৫ বছর বয়সী স্টুয়ার্ট আহারনে আদালতকে জানান, তার পাঁচ সন্তান রয়েছে এবং তিনি ইংল্যান্ডে একজন ব্যবসায়ী হিসেবে কাজ করেন। ডাকাতির ঘটনায় ব্যবহৃত রেনল্ট ক্যাপচার গাড়ি ভাড়া করতে নাম ব্যবহার করার কথাও সে স্বীকার করেছেন।
স্টুয়ার্ট আহারনে আদালতকে বলেন, তিনি তার কৃতকর্মের 'সম্পূর্ণ দায়িত্ব' নিচ্ছেন। তবে জেনেভায় ডাকাতির পূর্ব পরিকল্পনার সাথে জড়িত থাকার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।
স্টুয়ার্ট বলেন, "আমি যাদুঘরে গিয়েছিলাম। আমি কিছু জিনিস চুরি করেছি। তবে কোন সংস্থা এই শিল্পকর্মগুলোর সাথে সংশ্লিষ্ট এ ব্যাপারে আমি কিছুই জানতাম না।"
স্টুয়ার্ট মনে করেন, ডাকাতির সময় তাকে 'দাবা খেলার মতো একটি প্যাদা' হিসাবে ব্যবহার করা হয়েছিল। তিনি বলেন, "আমাকে ড্রাইভিং করার জন্য সুইজারল্যান্ডে আসতে বলা হয়েছিল। তবে তৃতীয় ব্যক্তি আসার সাথে সাথে গল্প, দৃশ্যপট বদলে যায়। আমাকে ব্যবহার করা হয়েছিল।"
স্টুয়ার্ট আরও বলেন, "আমাকে ফোন করে বলা হয়, আমার ভাই ঋণগ্রস্ত। তাই আমাকে কিছু জিনিস আনতে হবে। বড় ভাই হিসেবে আমার প্রবৃত্তি ছিল নিজের ভাইকে রক্ষা করা।"
শুনানিতে বলা হয়, ঐ তিনজন ব্যক্তি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জেনেভায় গিয়েছিলেন। লুইস জানায়, তারা মূলত পর্যটক হিসেবে সুইজারল্যান্ডে প্রবেশ করেছিলেন।
