জামিনে মুক্তির ২৩ দিন পরই সাভার থেকে ফের গ্রেপ্তার ‘হাইক্কা ডাকাত’
বছরখানেক আগে টাঙ্গাইলে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন মো. আব্দুল হাকিম জোমাদ্দার ওরফে হাইক্কা ডাকাত (৫০)। সেই মামলায় মাত্র ২৩ দিন আগে জামিনে মুক্তি পান তিনি। তবে কারাগার থেকে বেরিয়েই তিনি পুনরায় লিপ্ত হন ডাকাতিতে।
গত রোববার (১৬ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের রামচন্দ্রপুর এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ হাইক্কা ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ এবং র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি, পুলিশের ব্যবহৃত ২টি হ্যান্ডকাফ এবং ১টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, হাইক্কা ডাকাতের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় ভুয়া র্যাব ও ডিবি পরিচয় দিয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮টিরও বেশি মামলা এবং একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিরপুর-১ নম্বরের পাইকপাড়ায় অবস্থিত র্যাব-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৪-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'গ্রেপ্তারকৃত হাইক্কা ডাকাত একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী। তার নিয়ন্ত্রণে সংঘবদ্ধ চক্রটি দেশের বিভিন্ন জেলাতে ভুয়া ডিবি পুলিশ ও র্যাব পরিচয়ে ডাকাতি ও ছিনতাই করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে হাইক্কা ডাকাতসহ কিছু অস্ত্রধারী সন্ত্রাসী সাভার মডেল থানাধীন হেমায়েতপুর রামচন্দ্রপুর এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।'
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, 'হাইক্কা ডাকাত ১৩ মাস আগে টাঙ্গাইলে ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হয় এবং গত ২৩ দিন আগে জামিনে মুক্তি পায়। এই চক্রের অন্য সদস্যরা এবং তাদের সহযোগিতায় যারা ছিল, তাদের নাম সে প্রকাশ করেছে। গোপনীয়তার শর্তে আমরা তাদের নামগুলো এখন প্রকাশ করছি না। তবে তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।'
এই চক্রের সাথে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা গ্রেপ্তারকৃত হাইক্কা ডাকাতকে জিজ্ঞাসাবাদ করে এখন পর্যন্ত রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো তথ্য পাইনি।'
