টিভি পর্দায় আসছে ‘হ্যারি পটার’, নতুন হ্যারিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন 'পুরোনো হ্যারি' ড্যানিয়েল র্যাডক্লিফ
বিশ্বজুড়ে আলোড়ন তোলা 'হ্যারি পটার' ফ্র্যাঞ্চাইজির টিভি সংস্করণে নতুন হ্যারি পটার হিসেবে অভিনয় করতে যাচ্ছেন ডমিনিক ম্যাকলাকলিন। আর এই নতুন হ্যারিকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন সিনেমার 'পুরোনো হ্যারি' ড্যানিয়েল র্যাডক্লিফ। র্যাডক্লিফের এই উষ্ণ অভ্যর্থনা ছুঁয়ে গেছে ভক্তদের।
ড্যানিয়েল র্যাডক্লিফ, যিনি এক দশক ধরে বড় পর্দায় জনপ্রিয় স্কুলবয় উইজার্ড হ্যারি পটারের চরিত্রে অভিনয় করে দর্শক মন জয় করেছেন, আসন্ন এইচবিও টিভি সিরিজ হ্যারি পটারের ভূমিকায় আসা ডমিনিক ম্যাকলাকলিনকে সরাসরি চিঠি লিখেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই।
গুড মর্নিং আমেরিকা-কে দেওয়া এক সাক্ষাৎকারে র্যাডক্লিফ বলেন, চিঠির জবাবে ডমিনিক তাকেও 'খুব মিষ্টি একটি উত্তর' পাঠিয়েছেন।
র্যাডক্লিফ, যিনি নিজেও প্রথম হ্যারি পটার সিনেমা শুরু করার সময় ১১ বছর বয়সী ছিলেন, নতুন প্রজন্মের এই হ্যারি পটার এবং তার সহ-অভিনেতাদের প্রতি শুভকামনা জানিয়েছেন।
র্যাডক্লিফ তার চিঠি লেখার পেছনের কারণ ব্যাখ্যা করে বলেন, 'আমি এই শিশুদের জীবনে কোনো ভূত হয়ে থাকতে চাই না, কিন্তু আমি তাকে (ডমিনিককে) শুধু জানাতে চেয়েছিলাম যে, তাদের সময় যেন সবচেয়ে ভালো কাটুক, এমনকি আমার চেয়েও ভালো সময় কাটুক।'
উল্লেখ্য, গত বছর এই চরিত্রগুলোর জন্য মুক্ত অডিশন আহ্বান করা হয়েছিল, এবং ৩০ হাজারেরও বেশি শিশু এতে অংশ নেয়।
এর মধ্য থেকে নির্বাচিত হয়েছে ম্যাকলাকলিন, অ্যারাবেলা স্ট্যানটন (হারমায়োনি গ্রেঞ্জার) এবং অ্যালাস্টার স্টাউট (রন উইজলি)। মজার বিষয় হলো, এই তিনজনই আপেক্ষিকভাবে নতুন মুখ।
ম্যাকলফলিন এর আগে নিক ফ্রস্ট ও গোল্ডা রোশিউভেল অভিনীত স্কাই কমেডি 'গ্রো'-তে অভিনয় করেছেন। অন্যদিকে, অ্যারাবেলা স্ট্যানটন ওয়েস্ট এন্ডের 'মাটিল্ডা' মিউজিক্যালে একই নামের কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছেন। তবে, অ্যালাস্টার স্টাউটের আগে কোনো অভিনয়ের অভিজ্ঞতা নেই।
তাদের সঙ্গে থাকছেন একঝাঁক অভিজ্ঞ তারকাও। আলবাস ডাম্বলডোরের চরিত্রে জন লিথগো, মিনার্ভা ম্যাকগোনাগলের চরিত্রে জ্যানেট ম্যাকটিয়ার, সেভেরাস স্নেপের চরিত্রে পাপ্পা এসিডু এবং রুবিয়াস হ্যাগ্রিডের চরিত্রে নিক ফ্রস্ট অভিনয় করবেন।
জানা গেছে, নতুন এই সিরিজের প্রথম পর্বের শুটিং চলছে, ২০২৭ সালে সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে, জে কে রাউলিংয়ের সাতটি বইয়ের ওপর ভিত্তি করে প্রতিটি সিরিজের পরিকল্পনা থাকায় পুরো প্রোডাকশনটি শেষ হতে মোট ১০ বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
