মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’
এফবিআই-এর সাবেক পরিচালক ও ২০১৬ সালের মার্কিন নির্বাচনে কথিত রুশ হস্তক্ষেপের তদন্তের নেতৃত্ব দেওয়া সাবেক বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার মারা গেছেন। তার ওই তদন্ত ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের বড় একটি অংশজুড়ে প্রভাব ফেলেছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
তাৎক্ষণিকভাবে মুলারের মৃত্যুর কারণ জানা যায়নি। সিবিএস নিউজ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
মুলারের পরিবার এক বিবৃতিতে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে, "গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, শুক্রবার রাতে বব (রবার্ট মুলার) মারা গেছেন।" পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধও করা হয় ওই বিবৃতিতে।
এদিকে, মুলারের মৃত্যুর খবরে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, 'রবার্ট মুলার কিছুক্ষণ আগে মারা গেছেন। ভাল হয়েছে, তার মৃত্যুতে আমি খুশি। উনি আর নির্দোষ মানুষদের ক্ষতি করতে পারবেন না!'
২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মুলার। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার মাত্র কয়েকদিন আগে তিনি এ দায়িত্ব নেন। তাকে আধুনিক সন্ত্রাসবিরোধী সংস্থা হিসেবে এফবিআইকে পুনর্গঠনের কৃতিত্ব দেওয়া হয়।
স্ত্রী অ্যান ক্যাবেল স্ট্যান্ডিশের সঙ্গে প্রায় ৬০ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন মুলার; তাদের দুই মেয়ে এবং তিন নাতি-নাতনি রয়েছে।
বিশেষ কৌঁসুলি হিসেবে মুলারের তদন্তে ২০১৬ সালের ট্রাম্পের নির্বাচনী প্রচারণা নিবিড়ভাবে পর্যবেক্ষণের আওতায় আসে, যা নিয়ে তৎকালীন প্রেসিডেন্টের কঠোর সমালোচনার মুখে পড়তে হয়।
মুলারের সাবেক সহকর্মী ও কর্মস্থলসমূহ তার দীর্ঘদিনের কাজের প্রশংসা করেছে। এফবিআই পরিচালক হিসেবে তিনি যে দুই প্রেসিডেন্টের অধীনে দায়িত্ব পালন করেছিলেন—জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা—দুজনেই তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
মুলারকে এফবিআইয়ের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসডেন্ট জর্জ বুশ। মুলারের মৃত্যুর খবরে তিনি "গভীরভাবে শোকাহত" বলে জানান।
তিনি বলেন, "২০০১ সালে এফবিআইয়ের ষষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র এক সপ্তাহের মাথায়, ৯/১১ এর পর বব সংস্থাটির লক্ষ্য পরিবর্তন করে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় মনোযোগ দেন। তিনি দক্ষতার সঙ্গে সংস্থাটি পরিচালনা করেছেন এবং যুক্তরাষ্ট্রের মাটিতে আরেকটি সন্ত্রাসী হামলা প্রতিরোধে সহায়তা করেছেন।"
ওবামা তাকে "এফবিআইয়ের ইতিহাসে অন্যতম সেরা পরিচালক" হিসেবে উল্লেখ করে আইনের শাসনের প্রতি তার "অবিচল প্রতিশ্রুতি" ও "মৌলিক মূল্যবোধে অটল বিশ্বাস"-এর প্রশংসা করেন।
১৯৪৪ সালে জন্ম নেওয়া মুলার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা শেষে মেরিন কোরে যোগ দেন এবং ১৯৬৮ সালে ভিয়েতনামে দায়িত্ব পালন করেন।
