চট্টগ্রামে শেখ হাসিনার জন্মদিনে খাবার বিতরণের সময় নারীসহ আটক ৭
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন শীতলঝর্ণা আবাসিক এলাকায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খাবার বিতরণের সময় নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও দুজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে টিবিএসকে বলেন, "ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খাবার ও কেক বিতরণের সময় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএমপির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাসান মোস্তফা স্বপনের সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী।
আটক ব্যক্তিরা হলেন—নুরুল হাকিম রাব্বি (২৫), আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), শারমিন আক্তার লিমা (২৭), মোহাম্মদ সানি (১৭) ও হাবিবুর রহমান (১৯)।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে আসিফ মাহমুদ ও মোহাম্মদ সানির বয়স যথাক্রমে ১৬ ও ১৭ বছর। তাদের 'আইনের সহিত সংঘাতে জড়িত শিশু' হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
