সাভারে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮
ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি এলাকায় এ ঝটিকা মিছিল হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- জানান, 'দুপুর ১টার কিছু সময় পর ঝটিকা মিছিলটি বের হয়। মিছিল থেকেই আমরা তিনজনকে আটক করি। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে বাকিদের আটক করা হয়েছে।'
তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
সাইদুল ইসলাম বলেন, 'ঘটনাস্থল থেকে আমরা ককটেল বিস্ফোরণের আলামত পেয়েছি।'
তিনি আরও বলেন, 'আটকদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়া তাদের জিজ্ঞাসাবাদ এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।'
একটি সূত্র থেকে পাওয়া মিছিলের একটি ভিডিওতে দেখা যায়, 'প্রত্যাবর্তন ২.০'- শিরোনামে সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মো. মাসুম দেওয়ানের নামে একটি ব্যানার হাতে মাথায় লাল-সবুজ রঙের ক্যাপ পরিহিত ২৫/৩০ জন যুবক আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছে।
এসময় মহাসড়কের মিছিলের কারণে যানবাহনের গতি ধীর হয়ে মিছিলের পেছনে বেশ কিছু যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এক পর্যায়ে মিছিলটিকে মহাসড়কের আরিচামুখী লেন ধরে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র পার হতে দেখা যায়।
তবে প্রাপ্ত ভিডিওতে কোনো বিস্ফোরণের ঘটনা দেখা যায়নি।
এছাড়াও, প্রাপ্ত ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)।
