মুন্সীগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মী গ্রেপ্তার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন সড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের ব্যবহৃত ৩টি হাইয়েস মাইক্রোবাস এবং বিপুল পরিমাণ সাংগঠনিক সরঞ্জামাদি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সদস্যরা এক্সপ্রেসওয়ে বা জেলার যেকোনো গুরুত্বপূর্ণ সড়কে আকস্মিক ঝটিকা মিছিল করতে পারে—এমন গোপন সংবাদ পায় জেলা পুলিশ। এই তথ্যের ভিত্তিতে গতকাল মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার প্রতিটি থানা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু হয়।
অভিযান চলাকালে রাত আনুমানিক ১টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ 'প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ' গেটের সামনের চেকপোস্ট থেকে ১টি হাইয়েস মাইক্রোবাসসহ আওয়ামী লীগের ১০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।
এর কিছুক্ষণ পর রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জ থানার হাতিমারা মোড়ে পুলিশ অপর একটি চেকপোস্টে তল্লাশি চালিয়ে আরও ১টি হাইয়েস গাড়িসহ দলটির ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, রাত আনুমানিক ২টার দিকে শ্রীনগর থানার ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্টে তল্লাশিকালে ১টি হাইয়েস মাইক্রোবাসসহ আওয়ামী লীগের আরও ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, সব মিলিয়ে জেলার বিভিন্ন পয়েন্ট থেকে আওয়ামী লীগের মোট ৩১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং ৩টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
তল্লাশিকালে তাদের বহনকারী গাড়িগুলো থেকে মুখ ঢাকার মাস্ক এবং 'নৌকা মার্কায় ভোট দিন' সম্বলিত বিভিন্ন রাজনৈতিক সরঞ্জাম ও প্রচারসামগ্রী উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
