ঢাকা মেডিকেলের চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ফারহান ৫ দিনের রিমান্ডে
ঢাকা মেডিকেল কলেজ (ঢাকা) হাসপাতালের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে ভয়ভীতি, হুমকি, গুরুতর আঘাত ও চাঁদা দাবির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ফারহান শাহরিয়ার ওরফে ইভানকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (২২ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলামের আদালত এই আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিচালক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. আতিকুজ্জামান।
তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান দুই মাস যাবৎ পল্টন মডেল থানাধীন শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বারে নিয়মিত রোগী দেখেন। গত ১৭ আগস্ট রাত ১০টা ৪৫ মিনিটের দিকে পল্টন মডেল থানাধীন শান্তিনগর এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে পাকা রাস্তার ওপর থেকে সিএনজিতে ওঠা মাত্রই ফারহান শাহরিয়ার ওরফে ইভানসহ কয়েকজন সিএনজিটির পথরোধ করে। পরে সিএনজি থেকে ওই চিকিৎসককে জোর করে নামিয়ে দেন।
এ সময় জীবন ওরফে আদিল নামের একজন ওই চিকিৎসকের চোখে ঘুষি মারেন। পরে জীবনের সঙ্গে থাকা অন্যরাও তাকে মারধর করেন। পরে আশপাশের লোকেরা এগিয়ে এলে তারা পালিয়ে যান।
এর বেশ কিছুদিন আগে অপরিচিত মোবাইল নম্বর থেকে ওই চিকিৎসকের নম্বরে কল করে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করা হয়। ওই নম্বরের সূত্র ধরে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় গত ২১ আগস্ট ফারহান শাহরিয়ার ওরফে ইভানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইভান ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাই ঘটনা ও পলাতক আসামিদের বিষয়ে বিস্তারিত জানার জন্য ইভানের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
