৫ আগস্ট ঘিরে রাজধানীতে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই: ডিবি প্রধান
৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে রাজধানীতে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
তবে দিনটিকে ঘিরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং রাজধানীর সব কর্মসূচিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, "এখন পর্যন্ত ৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। তবে দিনটি গুরুত্বপূর্ণ হওয়ায় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে কর্মসূচি রয়েছে, সেগুলো ঘিরেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।"
রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। ভিন্নমতের কারণে সংঘর্ষের ঘটনাও ঘটতে পারে। তবে এসব ঘটনাকে নাশকতার সঙ্গে মিলিয়ে দেখা ঠিক হবে না।"
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ঘটনাগুলো নিয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তদন্ত করছে। একই সঙ্গে ডিবিও ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, "দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়ানো কিংবা বাংলাদেশকে জঙ্গিবাদ-সংশ্লিষ্ট রাষ্ট্র হিসেবে উপস্থাপনের অপচেষ্টা থাকতে পারে। এসব বিষয় আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।"
রাজধানীবাসীকে আশ্বস্ত করে ডিবি প্রধান বলেন, "ডিএমপি সর্বদা সতর্ক রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।"
