৫ আগস্ট চাঁদপুরে গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম ও তার ছেলের মরদেহ উত্তোলন করা হবে
২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। গত রোববার এ আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
তিনি বলেন, মরদেহ দুটি উত্তোলনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। জেলা প্রশাসক আবেদনটি অনুমোদন করেছেন। তবে মরদেহ উত্তোলনের তারিখ এখনো নির্ধারণ হয়নি।
ওসি জানান, ২০২৪ সালে সেলিম খান ও তার ছেলে নিহত হওয়ার পর মডেল থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় আদালত ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। মামলাটির তদন্ত কর্মকর্তা শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) চাঁদ মিয়া।
উল্লেখ্য ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের দিন সন্ধ্যায় এলাকা ছাড়ার সময় সেলিম খান ও তার ছেলে শান্ত খান একটি গাড়িতে ছিলেন। চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের হাফেজিয়া মাদ্রাসা এলাকায় বিক্ষোভের মুখে পড়ার পর সেখান থেকে বেরিয়ে আসতে পারলেও পরে বাগড়া বাজার এলাকায় তাদের গাড়ি আটকে যায়। সেখানে গণপিটুনিতে তারা নিহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরিস্থিতির কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে লক্ষ্মীপুর গ্রামের খান বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
