দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনারের নিয়োগের অনুমোদন দিয়েছে ভারত: হিন্দুস্তান টাইমস
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ভারত। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে আজ এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
দৈনিকটি আরও জানিয়েছে, এই আনুষ্ঠানিক সম্মতিপত্রের একটি অনুলিপি ঢাকায় হস্তান্তর করা হয়েছে।
এক মাসেরও বেশি সময় আগে পরবর্তী হাইকমিশনার হিসেবে সিয়ামের জন্য ভারতের কাছে অনুমোদন চেয়েছিল বাংলাদেশ।
১৯৯৫ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেওয়া পেশাদার কূটনীতিক সিয়াম আগামী কয়েক সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে পদায়ন করা হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
সিয়াম দেশে-বিদেশে বিস্তৃত পরিসরে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের জুনে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে এক বছরেরও কম সময় তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
তিনি ২০২৩-২০২৪ মেয়াদে অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত এবং ২০১৭-২০২১ মেয়াদে ফিলিপাইনে দূত হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া সিয়াম ইতালির মিলানে বাংলাদেশের ফার্স্ট কনসাল জেনারেল, যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাইকমিশনার এবং ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে জুনিয়র কূটনীতিক হিসেবেও কাজ করেছেন। বিদেশে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি চিফ অভ প্রটোকল, ইউরোপ ও ইইউ অনুবিভাগের মহাপরিচালক এবং পররাষ্ট্রসচিবের দপ্তরে পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
এর আগে আরেক ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট দাবি করেছিল, ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে সিয়ামকে নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন আটকে রেখেছে দিল্লি। ওই সংবাদ প্রকাশের প্রায় এক সপ্তাহ পর তার নিয়োগ অনুমোদনের খবর এল আরেক সংবাদমাধ্যমে।
