নির্দিষ্ট কিছু প্রেক্ষাপট ও পরিস্থিতির কারণেই ব্রিকস সম্মেলনে যাননি প্রধানমন্ত্রী: হাইকমিশনার হামিদুল্লাহ
কিছু নির্দিষ্ট প্রেক্ষাপট এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে গিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে পারেননি বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।
ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে'-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে হাইকমিশনার স্পষ্ট করেন যে, প্রধানমন্ত্রীর উপস্থিত না হওয়া মানেই ব্রিকসের আমন্ত্রণকে সোজাসাপটা প্রত্যাখ্যান করা নয়। তিনি জানান, এই সফরকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা চলেছে।
হাইকমিশনার বলেন, 'আমার মনে হয় শুধু আপনারা নন, দিল্লির অনেকেই—বিশেষ করে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত শীর্ষ ব্যক্তিরা জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যেই ব্যাপক আলোচনা হয়েছে।'
এই আলোচনাগুলো বেশ জটিল বা কঠিন ছিল কি না—এমন প্রশ্নের জবাবে রিয়াজ হামিদুল্লাহ বলেন, 'এ কারণেই তো কূটনীতিকদের অদ্ভুত এক ধরনের প্রাণী হিসেবে আখ্যা দেওয়া হয়।'
প্রধানমন্ত্রী কেন ভারতে গেলেন না জানতে চাইলে তিনি বলেন, 'প্রত্যাখ্যানের বিষয়টি আপনি কীভাবে সংজ্ঞায়িত করবেন, তা আপনার নিজস্ব বিষয়। তবে আমি বা অন্য কেউ বিষয়টিকে সেভাবে দেখবে বলে আমার মনে হয় না।'
উল্লেখ্য, বাংলাদেশ বর্তমানে আঞ্চলিক জোট বিমসটেকের সভাপতি। দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা হিসেবে বিমসটেক ব্রিকস সম্মেলনে আমন্ত্রিত হওয়ায় জোটের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছিল। হাইকমিশনার জোর দিয়ে বলেন, এবারের ব্রিকস সম্মেলন দক্ষিণ এশিয়ায় অনুষ্ঠিত হওয়ায় সেখানে বিমসটেকের উপস্থিতি ছিল অত্যন্ত যুক্তিযুক্ত ও প্রাসঙ্গিক।
বাংলাদেশি এই দূত যুক্তি দেখান যে, ভারতের সঙ্গে বাংলাদেশের সামগ্রিক সম্পর্ককে কেবল কোনো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ওপর সীমাবদ্ধ করে দেখা ঠিক নয়। দুই দেশের সম্পর্ককে 'অত্যন্ত স্বতঃস্ফূর্ত' হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এটি দুই দেশের জনগণের মধ্যকার অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনে গভীরভাবে প্রোথিত।
কোনো একজন ব্যক্তি কি ভারত-বাংলাদেশ সম্পর্ককে জিম্মি করতে পারেন—এমন প্রশ্নের জবাবে রিয়াজ হামিদুল্লাহ বলেন, 'এসব উদ্বেগের সমাধান না হলে আমি মনে করি যেকোনো দেশের পক্ষেই দ্বিপক্ষীয় সম্পর্কে সামনে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।'
