ভারতীয় কাঁচামরিচ আমদানির পর সাতক্ষীরায় একদিনেই দেশি মরিচের দাম কমলো কেজিতে ১৫০ টাকা
ভারতীয় কাঁচামরিচ আমদানির পরদিনই সাতক্ষীরার বাজারে দেশি কাঁচা মরিচের দাম কেজিতে ১৫০ টাকা কমেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সাতক্ষীরা শহরের সুলতানপুর বাজার ঘুরে দেখা যায়, দেশি কাঁচামরিচ প্রতিকেজি ২০০ থেকে ২২০ টাকায় খুচরা বিক্রি হচ্ছে। আর ভারতীয় কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে। তবে কিছু খুচরা বিক্রেতা তুলনামূলক বেশি দামে মরিচ বিক্রি করছেন।
খুচরা ব্যবসায়ীরা জানান, বাজারে সরবরাহ সংকটের কারণে দেশি কাঁচামরিচের দাম ৩০০ থেকে ৩৫০ টাকা কেজিতে উঠেছিল। গতকালও একই দামে মরিচ বিক্রি হয়েছে। তবে আজ ভারতীয় মরিচ বাজারে আসায় দাম কমেছে।
ক্রেতারা বলছেন, কাঁচামরিচের দামে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।
এদিকে, সোমবার (৩ আগস্ট) ভোমরা বন্দর দিয়ে ১০টি ট্রাকে ৯১ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। আমদানিকারকদের মতে, আজ আরও ২৫ থেকে ৩৫টি ট্রাকে কাঁচামরিচ আমদানি হতে পারে।
