যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
ক্যালিফোর্নিয়া আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে রাজ্য ছুটি হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাজ্যটির ছুটির তালিকায় মুসলিমদের প্রধান দুই উৎসব যুক্ত করে একটি বিলে স্বাক্ষর করেছেন গভর্নর গ্যাভিন নিউসম।
'কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস'-এর ক্যালিফোর্নিয়া শাখা 'অ্যাসেম্বলি বিল ২০১৭' পাসের মাধ্যমে বিলে গভর্নরের এই স্বাক্ষরকে স্বাগত জানিয়েছে। সংগঠনটি জানায়, এ পদক্ষেপটি ধর্মীয় উৎসব ও রীতিনীতি পালনে দীর্ঘদিনের সুযোগ থেকে বঞ্চিত মুসলিম শিক্ষার্থী ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করবে।গত বছর প্রথম মার্কিন রাজ্য হিসেবে দুই ঈদের ছুটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ওয়াশিংটন।
আইনসভার সদস্য ম্যাট হ্যানি প্রণীত 'এবি ২০১৭' বিল অনুযায়ী, রাজ্য ও সরকারি বিদ্যালয়ের কর্মীরা তাদের অর্জিত ব্যক্তিগত ছুটির ক্রেডিট বা 'ক্যাজুয়াল লিভ' (ছুটি) ব্যবহার করে ঈদের ছুটি উপভোগ করতে পারবেন।
এছাড়া স্থানীয় আলাপ-আলোচনার ভিত্তিতে সমঝোতায় পৌঁছালে, স্কুল (কে-১২) ও কমিউনিটি কলেজগুলোও ঈদের দিন ছুটি ঘোষণা বা বন্ধ রাখতে পারবে।
আইনটিতে যোগ্য রাজ্য ও সরকারি স্কুলের কর্মীদের বিদ্যমান অর্জিত ছুটি, বার্ষিক ছুটি বা ক্ষতিপূরণমূলক ছুটি ব্যবহার করে ঈদের দিন ছুটি কাটানোর অনুমতি দেওয়া হয়েছে। তবে এটি সকল শ্রমিকের জন্য নতুন করে দুটি বাধ্যবাধকতামূলক সবেতন ছুটি প্রদান করে না।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস ক্যালিফোর্নিয়া শাখার সিইও হুসাম আইলুশ জানান, 'এ আইনটি মুসলিম শিক্ষার্থী ও কর্মচারীদের ক্ষেত্রে আগে বিদ্যমান বাধা দূর করতে সহায়তা করবে, যাদের ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি একাডেমিক বা পেশাগত দায়িত্ব পালন নিয়ে দ্বিধায় পড়তে হতো।'
আইলুশ বলেন, 'দীর্ঘদিন ধরে ক্যালিফোর্নিয়ার মুসলিম শিক্ষার্থী ও কর্মচারীদের তাদের ধর্মীয় চর্চায় অংশগ্রহণ করা কিংবা একাডেমিক ও পেশাগত দায়বদ্ধতায় পিছিয়ে পড়ার মধ্যে যেকোনো একটিকে বেছে নেয়ার মতো কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হতো। 'এবি ২০১৭' এই কাঠামোগত বাধাগুলো দূর করে এবং রাজ্যের অন্তর্ভুক্তিমূলক নীতি, সমতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধকে সমুন্নত রাখে।'
তিনি গভর্নর নিউসম, অ্যাসেম্বলি সদস্য হ্যানি, বিদায়ী সেনেটর আয়েশা ওয়াহাব এবং এই বিলে সমর্থন জোগানো সংস্থাগুলোকে ধন্যবাদ জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এবি ২০১৭ বিলে স্বাক্ষর করা এবং ক্রমবর্ধমান বৈরী পরিস্থিতির মাঝেও ক্যালিফোর্নিয়া যে তার মুসলিম সম্প্রদায়ের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে—এমন একটি শক্তিশালী বার্তা দেওয়ার জন্য আমরা গভর্নর নিউসমের প্রশংসা করছি। এই গুরুত্বপূর্ণ বিলটি প্রণয়নের জন্য আইনসভার সদস্য হ্যানি ও কো-অথর বিদায়ী সেনেটর আয়েশা ওয়াহাবকে এবং আমাদের সহযোগী সংস্থা 'মুসলিম ইমপ্যাক্ট কাউন্সিল' ও 'ক্যালিফোর্নিয়া কমিশন অন এশিয়ান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার আমেরিকান অ্যাফেয়ার্স'-কে ধন্যবাদ জানাই। আমরা একসাথে ক্যালিফোর্নিয়ার মুসলিমদের জন্য এক ঐতিহাসিক বিজয় অর্জনে সক্ষম হয়েছি।'
যুক্তরাষ্ট্রে ইসলামিক প্রতিষ্ঠানগুলোর প্রতি ক্রমবর্ধমান বৈরিতা নিয়ে বিভিন্ন মুসলিম অধিকার রক্ষা ও প্রতিনিধিত্বকারী দলগুলো গভীর উদ্বেগ প্রকাশ করার প্রেক্ষাপটেই এই আইনটি পাশ করা হলো।
সংস্থাটি সম্প্রতি জানায়, আগের বছরের মে থেকে জুলাই তুলনায় চলতি বছরের একই তিন মাসের মধ্যে মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোকে লক্ষ্য করে বিদ্বেষমূলক ঘটনা প্রায় ১৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তারা অরও জানায়, 'ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান এই বার্তাই দেয় যে ক্যালিফোর্নিয়া তার মুসলিম সম্প্রদায়কে মূল্যায়ন করে এবং ধর্মীয় অন্তর্ভুক্তিমূলক নীতি সমর্থন করে।'
ঈদুল ফিতর মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস রমজানের সমাপ্তিসূচক আনন্দ উৎসব। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়ালের প্রথম দিনে এ ঈদ উদযাপিত হয়।
ঈদুল আজহা ইসলামের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব। এটি হিজরি বর্ষপঞ্জির দ্বাদশ ও শেষ মাস জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয়।
এই দুটি উৎসবই মুসলিমদের বর্ষপঞ্জিতে বড় আকারে পালিত ধর্মীয় উৎসবগুলোর অন্যতম।
