জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সব রাজনৈতিক দলের উপস্থিতিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে বর্তমান সরকার জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের মতামতের ভিত্তিতে প্রণীত ৩১ দফা এখন দেশের মানুষের মুক্তির সনদে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও পেশাদার করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদারে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগসহ বিভিন্ন সিদ্ধান্ত পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, সংসদের সব সদস্য এবং দেশের জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন, উগ্রবাদমুক্ত, দুর্নীতিমুক্ত ও প্রকৃত গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা হবে।
