শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধের পর কর্মসূচি স্থগিত করে সড়ক ছেড়েছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।
আজ বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে প্রায় দেড় ঘণ্টা শাহবাগ মোড় অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা সড়ক থেকে সরে দাঁড়ালে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ফারহান উদ্দিন বলেন, 'সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, তাই আজকের মতো কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে দাবি বহাল থাকবে।'
তিনি জানান, রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার সকাল ১০টায় সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে আবারও 'লংমার্চ টু সচিবালয়' কর্মসূচি পালন করা হবে।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়, উত্তরা, মিরপুর-১০ ও ইসিবি চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সায়েন্স ল্যাব থেকে সচিবালয়ের উদ্দেশে যাত্রা করে আন্দোলনকারীদের একটি দল বিকেলে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
শিক্ষা ভবনের সামনে প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর তাদের একটি অংশ শাহবাগে গিয়ে নতুন করে অবস্থান নেয় এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে।
তবে এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাহার করে নতুন ছয় দফা দাবি উত্থাপন করেন তারা। এসব দাবি নিয়ে আলোচনার জন্য শিক্ষার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়েও যান।
শিক্ষার্থীদের নতুন ছয় দফা দাবির মধ্যে রয়েছে— পুনঃপরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুকদের সুযোগ দেওয়া, পুনঃপরীক্ষা ও আগের পরীক্ষার প্রাপ্ত নম্বরের মধ্যে যেটি সর্বোচ্চ সেটিকে চূড়ান্ত হিসেবে গণ্য করা, প্রশ্নপত্রের ভুল প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া, মানসিক প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পুনঃপরীক্ষার সময়সূচি নির্ধারণ করা, প্রশ্নপত্রের ধরনে আকস্মিক পরিবর্তনের বিষয়টি মূল্যায়নের ক্ষেত্রে বিবেচনায় রাখা এবং পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের আচরণ শিক্ষার্থীবান্ধব করা।
