ফেব্রুয়ারিতে নয়, রমজানের পর ২০২৭ সালের এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
রমজানের কারণে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারিতে নেওয়া সম্ভব হচ্ছে না। আসন্ন এই পাবলিক পরীক্ষা রমজানের পরেই নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, 'এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণে সামগ্রিক বিষয় বিবেচনা করা হয়েছে। জানুয়ারিতে পরীক্ষা শুরু করলে তা এক মাস ধরে চলবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াবে। এরপর ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত রমজান চলবে। ফলে এই সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব নয়।'
তিনি জানান, এসএসসি পরীক্ষাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসাই সরকারের মূল লক্ষ্য। সাধারণত বর্ষা বা বৃষ্টির মৌসুমে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে এসএসসি পরীক্ষার সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোও নির্দিষ্ট সময়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, 'বিদেশে উচ্চশিক্ষায় যাওয়া শিক্ষার্থীদের বিষয়টিও দেশের শিক্ষাবর্ষের সময়সূচির সঙ্গে সমন্বয় করতে হয়। সবকিছু বিবেচনায় ফেব্রুয়ারি মাসকে এসএসসি পরীক্ষার জন্য সবচেয়ে উপযুক্ত সময় মনে করা হচ্ছে। তবে রমজানের কারণে এবার ফেব্রুয়ারিতে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।'
পরীক্ষা এগিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছিল জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অংশীজনদের অনুরোধে পরীক্ষা এগিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়েছিল। তবে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস ও সিলেবাস শেষ হলেও নবম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা রিভিউ করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছিল না।
শিক্ষামন্ত্রী বলেন, 'শিক্ষার্থীদের জন্য এই রিভিউ প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানুয়ারিতে পরীক্ষা নিলে নবম শ্রেণির শিক্ষার্থীরা পড়াশোনা পুনর্বিবেচনার পর্যাপ্ত সময় পাবে না। আবার রমজানের পরে পরীক্ষা নিলে সময় আরও পিছিয়ে যাবে।'
তিনি আরও বলেন, 'রমজান একটি বাস্তবতা এবং পরীক্ষার সময়সূচির সঙ্গে এটি সমন্বয় করতে হবে। সরকার শিক্ষার্থীদের কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে চায় না। তাদের পর্যাপ্ত সময় দিতে হবে, বিশেষ করে পড়াশোনা রিভিউয়ের জন্য।'
সব দিক বিবেচনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, রমজানের কারণে এবার এসএসসি পরীক্ষা এগিয়ে আনা সম্ভব হচ্ছে না। তাই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা রমজানের পরেই অনুষ্ঠিত হবে।
