২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ, ব্যবহারিক শেষ ২২ এপ্রিল
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী বছরের ১৪ মার্চ থেকে এই পরীক্ষা শুরু হবে। তাত্ত্বিক বা লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল।
এরপর ২২ এপ্রিলের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শেষ করে প্রাপ্ত নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে।
সোমবার (২৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো এই সময়সূচি জারি করে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির অনুমোদিত সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি দেখতে এখানে ক্লিক করুন
প্রকাশিত সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে।
বিস্তারিত সময়সূচি
১৪ মার্চ বাংলা (আবশ্যিক) প্রথম পত্র এবং সহজ বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। ১৬ মার্চ বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্র, ১৮ মার্চ ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র এবং ২১ মার্চ ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এরপর ২২ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ২৫ মার্চ গণিত, ২৮ মার্চ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ৩০ মার্চ পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১ এপ্রিল ভূগোল ও পরিবেশ, রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ; ৪ এপ্রিল গার্হস্থ্যবিজ্ঞান ও কৃষিশিক্ষাসহ কয়েকটি বিষয় এবং ৬ এপ্রিল সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৮ এপ্রিল হিসাববিজ্ঞান, ১১ এপ্রিল উচ্চতর গণিত ও বিজ্ঞান এবং ১৩ এপ্রিল জীববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। সর্বশেষ ১৫ এপ্রিল ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।
ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে সংগীতসহ সংশ্লিষ্ট সব বিষয়ের পরীক্ষা ২২ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি দেওয়ার পাশাপাশি উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে।
সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রবেশপত্র, নিবন্ধনপত্র, বাদ্যযন্ত্র, তবলাবাদক ও শনাক্তকারী শিক্ষকসহ সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, লিখিত পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
পরীক্ষার ফল প্রকাশের পর সাত দিনের মধ্যে অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া, সময় ও তারিখ পরবর্তীতে দৈনিক পত্রিকা ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
